হত্যা মামলায় সাবেক এমপি রুহী কারাগারে

নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানার রাজু আহমেদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন এলাকায় জননী কুরিয়া সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখছিল। আন্দোলন প্রতিহত করতে আসামিরা গুলিবর্ষণ করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজু। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়।




