নেত্রকোনার সাবেক এমপি রুহী ঢাকায় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ছবি: তার ফেসবুক পেজ থেকে নেওয়া
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার হয়েছেন।
নেত্রকোনা-১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে আজ বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেছেন, মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
২০২৪ সালে জুলাই আন্দোলন দমনে হত্যা, নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বহু নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। দলটির সংসদ সদস্যদের কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, কেউ আছেন পালিয়ে।
মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। ওই বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেওয়া হলে অন্যদের মতো রুহীও সংসদ সদস্যপদ হারান।
গ্রেপ্তারের পর রুহীকে নেওয়া হয়েছে মোহাম্মদপুর থানায়। থানার ওসি আব্দুল হালিম বলেছেন, রুহীকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



