ভলিবল-রেসলিং জুটির ভাইরাল প্রেমের গল্প

উচ্চতার ব্যবধানের কারণে সমাজের মানুষের নানান কটূকথা শুনতে হয়েছে এবং হচ্ছে। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রের দুই ক্রীড়াবিদের প্রেমের গল্প। তারা হলেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভলিবল খেলোয়াড় এলি হোলজম্যান এবং এনসিএএ রেসলিং চ্যাম্পিয়ন লুকাস বাইর্ড। তাদের উচ্চতার ব্যবধান প্রায় ২৩ সেন্টিমিটার। এলি লম্বায় ৬ ফুট ৩ ইঞ্চি এবং লুকাস ৫ ফুট ৬ ইঞ্চি।
শারীরিক উচ্চতার এই বিপুল পার্থক্য ছাপিয়ে তাদের ভালোবাসার গল্প এখন রূপকথার মতো ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে এক ভুয়া গুঞ্জন রটে গেলে তা নিয়ে নতুন করে আলোচনায় আসে এই জুটি। এলি হোলজম্যান ও লুকাস বাইর্ডের এই প্রেমের সূচনাটা একদম সহজ ছিল না। ২০২০ সালের জানুয়ারি মাসে ইলিনয় ক্যাম্পাসের কাছে একটি বারে প্রথম দেখা হয় তাদের, যা ঠিক কোভিডের লকডাউন শুরুর আগের মুহূর্ত। বিগ টেন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এলি বলেন, ‘আমাদের একটি বারে দেখা হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে, “তোমাকে দেখতে কিছুটা হ্যারি পটারের মতো লাগছে।” আর এভাবেই আমাদের কথাবার্তা শুরু হয়।’
লকডাউনের দিনগুলোতে ভিডিও কল ও ফোন চ্যাটের মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তবে প্রায় দুই বছর তাদের সম্পর্ক কেবল গভীর বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল। প্রধান বাধা দূরত্ব বা সময় ছিল না, বরং উচ্চতার পার্থক্য নিয়ে এলির নিজস্ব কিছু সংস্কার কাজ করছিল। তিনি বলেন, ‘আমি সম্পর্কটাকে শুধু বন্ধুত্বের মাঝেই রাখতে চেয়েছিলাম, কারণ আমি কখনোই এর বাইরে কিছু ভাবতে চাইনি। আমি বারবার নিজেকে বলতাম, “সে আমার চেয়ে খাটো, আমি কখনো তার সঙ্গে ডেট করব না। কয়েক মাস পর আমি এই মানসিক বাধা কাটিয়ে উঠি। আমাদের সম্পর্কটি আরও সুন্দর হয়ে ওঠে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রেমের গল্পটি তুলে ধরার আইডিয়াটি ছিল এলির। টিকটকে একটি ভিডিও আপলোড করে তিনি জানান, তার বন্ধু লুকাস বাইর্ড তাকে ভালোবাসে। দ্রুতই এই জুটি লক্ষ করেন যে, তাদের উচ্চতার ব্যবধান ফুটিয়ে তোলে এমন যেকোনো ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যাচ্ছে। তাদের কিছু ভিডিওতে ২০ মিলিয়নের বেশি এবং একটি ভিডিও ৪৮ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়। বর্তমানে তাদের যৌথ টিকটক পেজে অনুসারীর সংখ্যা ৫ লাখ ৭০ হাজারের বেশি।শুরুতে বাইরের মানুষের মন্তব্য থেকে নিজেদের রক্ষা করতে সম্পর্কের বিষয়টি বেশ গোপনীয় রেখেছিলেন তারা। এলি দ্য সান-কে বলেন, ‘আমি এমন মানুষের মতামত উপেক্ষা করতে শিখেছি, যাদের নামও আমি জানি না।’
তাদের খ্যাতির চূড়ান্ত মুহূর্তটি আসে মার্চ ২০২৫ সালে। সেবার ১৩৩ পাউন্ড ওজন শ্রেণীতে ড্রেইক আয়ালাকে পরাজিত করে প্রথম এনসিএএ ডিভিশন শিরোপা জেতেন লুকাস বাইর্ড। বিজয়ের আনন্দে গ্যালারিতে থাকা প্রেমিকার বাহুডোরে ছুটে যান এই রেসলার। এই দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ধারাভাষ্যকার মাইক কুজেনস লাইভ সম্প্রচারে বলে ওঠেন, ‘ভালোবাসার কোনো বাঁধাধরা নিয়ম নেই, আর এর কোনো নির্দিষ্ট উচ্চতাও নেই।’
চলতি বছরের জুন মাসে ইতালির লেক কোমোতে দারুণ এক ফোটোশুটের মাধ্যমে বাগদানের ঘোষণা দেন এই জুটি। নৌকায় ও পাহাড়ের পাদদেশে তোলা সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দেয়, এমনকি কিছু সংবাদমাধ্যম ভুলবশত খবর প্রকাশ করে যে তারা বিয়ে করে ফেলেছেন। এলি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে এক্স-এ মজা করে লেখেন, ‘বেশ, এটি তো আমাদের কাছেও একদম নতুন খবর! আরে লুক, মনে হচ্ছে আমরা বিয়ে করে ফেলেছি! আমাদের হানিমুনে কোথায় যাওয়া উচিত?’
বেশ কিছুদিন আগে ফক্স নিউজ-এর একটি সম্প্রচারে দুই উপস্থাপক তাদের উচ্চতা ও শারীরিক গঠন নিয়ে রসিকতা করেছিলেন। সেই ঘটনার ভিডিও নতুন করে ভাইরাল হয়। এ বিষয়ে এলি লিখেন, ‘কোনো এক কারণে এক্স-এর ওই পোস্টটি আজ ভাইরাল হয়ে গেছে। আমরা বিবাহিত না হওয়া সত্ত্বেও সেটি আমাদের বিয়ের অভিনন্দন জানাচ্ছিল। তবে “ভোগ” ম্যাগাজিন যদি আমাদের বিয়ের পরিকল্পনা করতে চায়, তবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।’
ছয় বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা এবং সম্প্রতি বাগদান সম্পন্ন করা এই তরুণ জুটি এখনই বিয়ে করতে চান না। সবশেষে ট্রোলের জবাব দিয়ে সাবেক এই ভলিবল খেলোয়াড় বলেন, ‘মানুষ কী ভাবে তা নিয়ে আমরা সাধারণত মাথা ঘামাই না। যদি তাই করতাম, তবে আমরা আজ এই সম্পর্কে থাকতাম না। দয়া করে আমাদের একা ছেড়ে দিন। আমরা কেবল নিজেদের মতো শান্তিতে থাকতে চাই। আমরাও রক্ত-মাংসের মানুষ, আমাদেরও বাস্তব অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে।’












