এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে বিধ্বস্ত করল রিয়াল

সংগৃহীত ছবি
বিশ্বকাপটা স্বপ্নের মত কেটেছে কিলিয়ান এমবাপ্পের। সেই রেশটা রইল ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ম্যাচেই করলেন হ্যাটট্রিক। তাতে ৪-১ গোলে সোসিয়েদাদকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রিয়াল। অপর গোলটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।
নতুন কোচ হোসে মরিনহো ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন এমবাপ্পেকে,‘এমবাপ্পে ঐতিহাসিক খেলোয়াড়, তার বিশ্বকাপ রেকর্ড চিরকাল টিকে থাকবে। রিয়াল মাদ্রিদেও ইতিহাস গড়ার জন্য সে ভীষণ ক্ষুধার্ত।’
মরিনহো আরও যোগ করেন,‘এমবাপ্পে কেবল গোলদাতাই নয়, পুরো দল সুযোগ তৈরি করবে আর ও শুধু গোল করবে-ব্যাপারটা তা নয়। এমবাপ্পে ম্যাচের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। আপনি যখন এই স্তরের সেরা খেলোয়াড়দের কোচিং করাবেন, তখন তাদের আলাদাভাবে কোচিং করানোর প্রয়োজন পড়ে না। আপনাকে পুরো দলকে একটা ইউনিট হিসেবে কোচিং করাতে হয়।’
৪০, ৬০ ও ৮০ মিনিটে গোল তিনটি করেন এমবাপ্পে। ভিনিসিয়ূস অপর গোলটি করেন ৬৮ মিনিটে। সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি ৪৪ মিনিটে লুকা সুচিচের।
৪০তম মিনিটে ফেদে ভালভের্দের দারুণ এক পাস পেয়ে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে একজনের বাধা এড়িয়ে বল জালে পাঠান তিনি। ৪৪ মিনিটে সুচিচের গোলে সমতা ফেরায় সোসিয়েদাদ।
৬০তম মিনিটে জুড বেলিংহামের সঙ্গে বল দেওয়া নেওয়ায় জায়গা তৈরি করে আবার রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।
৬৮ মিনিটে বেলিংহামের বাইলাইন থেকে গোলমুখে বাড়ানো পাসে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ভিনি। ৮০তম মিনিটে ভিনির পাস পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাহিম দিয়াস বল জালে জড়ালেও ভিএআরে বাতিল হয় রিয়ালের সেই গোল।






