ফিদের ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ১১ বছর বয়সী বোধনা

সংগৃহীত ছবি
একটি পুরোনো দাবার বোর্ড, ইউটিউবের কয়েকটি ভিডিও আর পাঁচ বছরের এক শিশুর অদম্য কৌতূহল। সেখান থেকেই শুরু হয়েছিল এক অবিশ্বাস্য যাত্রা। মাত্র ছয় বছরের দাবিযাত্রায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী বোধনা শিবানন্দন পৌঁছে গেলেন দাবার ইতিহাসের নতুন উচ্চতায়। ১১ বছর বয়সেই তিনি হয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার।
তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে যুক্তরাজ্যে পাড়ি দেওয়া এক ভারতীয় পরিবারের সন্তান বোধনা এখন ইংল্যান্ডের হয়ে বিশ্ব দাবার মঞ্চে নতুন রেকর্ডের মালিক। উত্তর-পশ্চিম লন্ডনে বেড়ে ওঠা এই স্কুলছাত্রীর সাফল্য শুধু তার পরিবারের নয়, ব্রিটিশ দাবার ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকল।
বোধনার বাবা শিবানন্দন ভেলায়ুধম একজন তথ্যপ্রযুক্তি পেশাজীবী। তিনি ২০০৭ সালে ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে যুক্তরাজ্যে যান। ২০১৫ সালের ৭ মার্চ লন্ডনে জন্ম হয় বোধনার। করোনাভাইরাস মহামারির সময় পরিবারের কাছে থাকা একটি দাবার বোর্ড থেকেই তার এই খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ইউটিউবের টিউটোরিয়াল দেখে নিজেই দাবার চাল শেখা শুরু করেন তিনি।
উত্তর-পশ্চিম লন্ডনের ১১ বছর বয়সী বোধনা শিবানন্দন উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ৪৬তম দাবা অলিম্পিয়াডে নিজের তৃতীয় ও চূড়ান্ত নারী গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণ করে এই রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন, সংক্ষেপে ফিদে, আনুষ্ঠানিকভাবে তাঁর এই অর্জন নিশ্চিত করেছে।



