আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবল
হারলেও ভারতের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশ

ছবি: মোশারফ হোসেন ভুবন
এভার আর অসহায় নতি স্বীকার নয়, সব দিক থেকে এগিয়ে থাকা ভারতের মেয়েদের চোখে চোখ রেখে লড়াই করল স্বাগতিক বাংলাদেশ। শুরুর ১০ মিনিটে লড়াই হলো সমানে সমান। তারপরও ঘরের মাঠে শিরোপা জেতা হয়নি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশের মেয়েরা শক্তিশালী ভারতের কাছে ২৮-১৬ ব্যবধানে হেরেছে।
২৬ বছর দেশের মাটিতে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। চার দলের আসরে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ছিল নেপাল। ২০১৯ এসএ গেমসে যাদের কাছে হেরে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। এরপর আরেকবার নেপালের কাছে হারতে হয় তাদের। তবে এই টুর্নামেন্টের শুরুর ম্যাচেই নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে বাজিমাত করে স্বাগতিকরা। তাতে ফাইনালের পথও প্রশস্ত হয়। তবে লিগ পর্বে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়ে ৪৮-১৩ গোলে হেরে। বড় হারের ধাক্কা সামলে অবশ্য মালদ্বীপকে হারিয়ে ফাইনালে পা রাখেন বাংলাদেশের মেয়েরা।
ফাইনালের আগে অবশ্য আরেকবার বিধ্বস্ত হওয়ার শঙ্কা ছিল সবার মনে। তবে বৃহস্পতিবার আনা আলোনসো ফ্রাগুয়ার দল বাহবা কুড়িয়ে নিয়েছে ম্যাচ হারলেও।
বাংলাদেশ লড়াইটা করেছে ম্যাচের শুরু থেকেই। প্রথমার্ধে ভারত মাত্র ১৪-৯ গোলে এগিয়ে ছিল। শারিরীক সামর্থ্যে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষকে ভয়ঙ্কর হতে দেননি বাংলাদেশের অনভিজ্ঞ মেয়েরা। গোল হজম করলেও প্রথমার্ধে জবাবও তারা দিয়েছে সামর্থ্যের সেরাটা উজার করব।
দ্বিতীয়ার্ধে অবশ্য দৃশ্যপট বদলে যায়। ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও ভারতীয় শক্ত রক্ষণভাগ ভেদ করে প্রত্যাশিত গোলের দেখা পায়নি সাকিবা-নিশিরা। তাছাড়া বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।



