নতুন কুঁড়ির মঞ্চে এক ঝাঁক স্বপ্নবাজ

ছবি: আগামীর সময়
বাবা পেশায় দিনমজুর, স্কুলে স্কুলে বিস্কুট ফেরি করে বেড়ান। মা গৃহিনী। এমনই এক হত-দরিদ্র পরিবার থেকে উঠে এসে নতুন কুড়ি স্পোর্টসের মঞ্চে আলো ছড়াচ্ছেন কাবাডি খেলোয়াড় জেমি আক্তার। নিজ বিভাগ রংপুরকে তুলেছেন ফাইনালে। তবে জেমির এ পর্যন্ত আসার পথটা সহজ ছিলো না।
জামালপুরের প্রত্যন্ত গ্রাম পলাশঘরের কিশোরী মোসাম্মৎ পাপিয়া। একই ইভেন্টে প্রতিনিধিত্ব করছেন ময়মনসিংহের। পরিবারে একমাত্র উপার্জনক্ষম তার বাবা স্যানিটারি মিস্ত্রি। বড় সংসার চালাতে হিমশিম খেতে হয়। দারিদ্রের কষাঘাত থেকে মুক্তি পেতেই খেলাধূলাকে অবলম্বন করেছে পাপিয়া।
রংপুরের জেমি কিংবা জামালপুরের পাপিয়াদের জীবন সংগ্রামের গল্পটা ঘুরে ফিরে একই। বন্ধুর পথের মাঝেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে ওরা। লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই তারা এসেছে নতুন কুঁড়ির মঞ্চে নিজেদের প্রমাণ দিতে।
কাবাডি জাতীয় খেলা হলেও ক্রিকেট-ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে খুব কম অভিভাবক রয়েছেন যারা নিজের সন্তানদের কাবাডি খেলোয়াড় হিসেবে দেখতে চান। পাশাপাশি নারী অ্যাথলেটদের জন্য প্রতিকূল পরিবেশ তো আছেই। বাড়ি বাড়ি গিয়ে এসব অ্যাথলেটদের খুঁজে আনার কাজটা করছে সরকার।
সংগ্রামের গল্প আছে ফুটবলেও। প্রতিপক্ষের রক্ষণভাগকে সম্পূর্ণ পরাস্ত করে একের পর এক গোলের মালা গেঁথেছেন নাটোরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ফারিহা। বরিশালকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে রাজশাহীর হয়ে চার গোল করেছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই ফরোয়ার্ড। ফুটবলার হওয়ার পেছনে আছে সমাজের নানা বাধা পেরিয়ে আসার গল্প।
ফারিহার পারিবারিক জীবন চরম প্রতিকূলতা আর অভাব-অনটনে ঘেরা। তার বাবা বাকপ্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষম নন। এক বোন ও এক ভাইসহ ফারিহাদের পাঁচ জনের এই সংসারটি টেনে নিয়ে যাচ্ছেন তার মা। স্থানীয় এলজিইডির রাস্তায় দিনমজুরের কাজ করেন সেই সংগ্রামী মা। সংসারের এই টানাপোড়েনের মধ্যেও ফুটবলের স্বপ্নকে বুকে আগলে রেখেছেন ফারিহা। বাবার অনুপস্থিতিতে নিজের সামান্য জমিতে ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধান রোপণ কিংবা পাট ধোয়ার মতো কঠিন কায়িক পরিশ্রমও করতে হয় তাকে। ফুটবলার হওয়ার তীব্র তাড়নায় প্রতিদিনের ক্লান্তি উপেক্ষা করে বাড়ি থেকে দীর্ঘ ৮ কিলোমিটার সাইকেল চালিয়ে নাটোর বেঙ্গল একাডেমিতে গিয়ে নিয়মিত কঠোর অনুশীলন করেছেন তিনি।
ক্রীড়া মন্ত্রণালয় এই সংগ্রামদের খুঁজে বের করে লাল-সবুজের প্রতিনিধিতে বদলে দেওয়ার লক্ষ্যে আয়োজন করেছেন এই নতুন কুঁড়ি স্পোর্টস।




