হকি দলের জার্মানি সফর অনিশ্চিত, বিকল্প ভাবনায় চীন

সংগৃহীত ছবি
কোচ গেরহার্ড পিটারের মাধ্যমে জার্মানিতে এশিয়ান গেমসকে সামনে রেখে হকি দলের কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা, ভিসা জটিলতায় ভেস্তে যেতে বসেছে। তবে বসে নেই বাংলাদেশ হকি ফেডারেশন। শেষ পর্যন্ত জার্মানি সফর বাতিল হলে যাতে হকি দল অন্য কোথাও কমপক্ষে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে, সেই চেষ্টা চালাচ্ছে তারা। প্রাথমিকভাবে চীনের সঙ্গে যোগাযোগ শুরু করার কথা জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। চীন সম্মতি দিলে দু’দেশের জাতীয় দলের মধ্যে বেইজিংয়ে হতে পারে ছয় ম্যাচের সিরিজ।
নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই, এশিয়ান গেমসের জন্য সেরা প্রস্তুতি নিশ্চিতে অভিজ্ঞ গেরহার্ড পিটারকে প্রধান করে জার্মানভিত্তিক একটি পাঁচ সদস্যের কোচিং প্যানেল চূড়ান্ত করে। পিটার আগেই ঢাকায় এসে ক্যাম্প পরিচালনা করছেন। পরিকল্পনা ছিল মাসব্যপী কন্ডিশনিং ক্যাম্প চলাবস্থায় ফ্রাঙ্কফ্রুটে বুন্দেস লিগার ক্লাবের সঙ্গে অন্তত ১৬ থেকে ১৮টি প্রস্তুতি ম্যাচ খেলার। তবে ভিসা না মেলায় শেষ পর্যন্ত জার্মানি যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রিন্স জানিয়েছেন, ভিসা জটিলতা কাটাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমান বাহিনী চেষ্টা চালাচ্ছে— ‘ভিসার বিষয়টি আমাদের হাতে নেই। এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ের সহায়তা নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। রবিবারের মধ্যে ভিসা পেয়ে গেলে আমরা জার্মানিতেই যাবো। তবে সময় কমে আসায় আগের পরিকল্পনা অনুযায়ী অতগুলো ম্যাচ খেলা হবে না। একই সঙ্গে আমরা চীনের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের বিপরীত পুলে খেলবে এশিয়াডে। তাই তাদের সঙ্গে যদি ছয় ম্যাচের একটি সিরিজ খেলতে পারি, প্রস্তুতি খারাপ হবে না। চীন দলের আজই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা। চীন যদি সম্মতি দেয়, তবে আমরা অন্য কোনো বিকল্প চিন্তা করবো না। চিনের ভিসা পাওয়াও আমাদের জন্য সহজ হবে। তবে যে করেই হোক, আমরা চাই আগস্টের শেষ সপ্তাহের মধ্যে যে কোনো একটি দেশে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে।’ হকি ফেডারেশনের বিকল্প চিন্তায় মিশরও ছিল। তবে খোঁজ খবর করে তারা জানতে পেরেছে, মিশরের ভিসা প্রক্রিয়াও দীর্ঘ ও জটিল।
এশিয়ান গেমসে বাংলাদেশের ছেলেরা ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। কঠিন পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। জার্মানি সফর অনিশ্চয়তায়। চীনের বিকল্প ভাবনাও আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত সেরা প্রস্তুতি লক্ষ্য পূরণ হওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়।






