নতুন রূপে জাতীয় হকি দলে চয়ন পিন্টু

সংগৃহীত ছবি
আগেই থেকেই এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পে সহকারী কোচের ভূমিকায় ছিলেন মশিউর রহমান বিপ্লব। এবার জার্মান হেড কোচ পিটার গেরহার্ড তার কোচিং প্যানেলে আরও দুই সাবেককে পেয়েছেন। বৃহস্পতিবার থেকে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন। আর ভিডিও অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন আরেক সাবেক ইমরান হাসান পিন্টু। দুই সাবেককে পিটারের কোচিং প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির। ফেডারেশন কর্তারা মনে করেন, হকির আধুনিকায়নে এবং খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ও কৌশল আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই দুই সাবেক তারকার অন্তর্ভুক্তি কার্যকরী ভূমিকা রাখবে।
খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের হয়ে পিসি থেকে অসংখ্য গোল করেছেন চয়ন। দেশের হকির ইতিহাসের অন্যতম সেরা ড্র্যাগফ্লিকার উপাধিও পেয়েছেন তিনি। নিজের দীর্ঘ অভিজ্ঞতা জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন চয়ন। আশরাফুল, সোহানুর সবুজ, আমিরুল ইসলামদের ড্র্যাগ-ফ্লিকে গোল করার ক্ষমতা বাড়বে চয়নের তত্ত্বাবধানে। চয়নের জন্য বর্তমান দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা খুব কঠিন হবে না। ২০১৮ আসলে জাতীয় দল থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া হকিতে নিয়মিত খেলা চয়ন আশাবাদী এই দল নিয়ে, ‘এই দলের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমরা বহু বছর ধরে এক সঙ্গে খেলছি, তাই এদের সঙ্গে কাজ করা কঠিন হবে না। তাছাড়া গেরহার্ডের সঙ্গেও আমার নিবিড় সম্পর্ক বহু বছরের। ফেডারেশন চাইছে ইউরোপিয়ান ধাঁচে খেলানোর জন্য, তাই জার্মান কোচিং প্যানেল নিয়োগ দিয়েছে। সামনে যতটুকু সময় আছে, আমরা আশা করি সবাই মিলে কোচের দর্শন কিছুটা হলেও রপ্ত করতে পারবো।’
অন্যদিকে পিন্টুও বহুদিন জাতীয় দলে খেলেছেন কুশলী মিডফিল্ডার হিসেবে। খেলা ছাড়ার পর প্রথম জাতীয় দলে অন্য ভূমিকায় কাজের সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনিও, ‘আধুনিক হকিতে ভিডিও অ্যানালাইজ অনেক গুরুত্বপূর্ণ। দু’মাস আগেও জার্মানে একটি ক্লাবের ইয়ুথ ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করে এসেছি। হকির বর্তমান কমিটিকে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ায় অনেক কৃতজ্ঞতা। সিনিয়র দলের সঙ্গে এই ভূমিকায় কাজ করা অনেক বড় দায়িত্ব ও সৌভাগ্যের।’
আপাতত এক সপ্তাহের জন্য এই দু’জন কাজ করবেন দলের সঙ্গে। বর্তমানে মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলরত জাতীয় দলের ২০ আগস্ট জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা। সেখানে অবশ্য যাওয়া হচ্ছে না চয়ন ও পিন্টুর। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান প্রিন্স জানিয়েছেন, ভবিষ্যতের জন্য গড়ে তুলতেই দু’জনকে আপাতত স্বল্প সময়ের জন্য কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে।






