২০তম এশিয়ান গেমস
আমিরুলের জোড়ায় হকিতে দ্বিতীয় জয়

প্রথম দুই ম্যাচ হারার পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার আইচির গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আমিরুল ইসলামের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গেরহার্ড পিটারের দল। বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার রাসেল মাহমুদ জিমি। এর আগের ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এই জয়ে এশিয়ান গেমস ষষ্ঠস্থানে শেষ করার অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশ।
ছয় দলের ‘এ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন চারে। পুলের শেষ ম্যাচে তাদের লড়তে হবে শীর্ষে থাকা ভারতের সঙ্গে । সে ম্যাচে হারটাই অনুমেয়। এরপর পঞ্চম থেকে অস্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সম্ভাব্য তৃতীয় চীন।
বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে আমিরুলের পেনাল্টি কর্নার থেকে সফল লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য কোনো দলই গোল পায়নি। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ান আমিরুল। পিসি থেকে ৩১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তরুণ ডিফেন্ডার। শেষ কোয়ার্টারে রাসেল মাহমুদ জিমি ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-০ করেন। তবে ৪৮ মিনিটে আল আরদ আউলিয়া পেনাল্টি স্ট্রোক থেকে হারের ব্যবধান কমান ইন্দোনেশিয়ার হয়ে।
ম্যাচ শেষে দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ষষ্ঠ হওয়ার লক্ষ্যে অটল থাকার কথা জানান, ‘দুই জয়ে আমাদের অবস্থান এখন গ্রুপের চারে। স্থান নির্ধারণী ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চীন। আজ রাতেই এটা জানা যাবে। ওরা আমাদের চেয়ে ভালো দল। তবে ওদের হারানোর আত্মবিশ্বাস আছে। কারণ দল এখন ভালো ছন্দে আছে।’
এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়া মানে আগামী চার বছর বাংলাদেশের সামনে খুলে যাবে অনেকগুলো জানালা। তাদের ব্যস্ত থাকতে হবে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে। ষষ্ঠ না হয়ে সপ্তম হলেও এ মাসের শেষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ষষ্ঠ হওয়া। তবে সপ্তম হলে এ মাসেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবো। সেক্ষেত্রে আমরা বর্তমান কোচিং প্যানেলকেও রেখে দেবো।’
এদিকে, নারী হকিতে আগের দিন কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র করে প্রথম পয়েন্টের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। গ্রুপের তলানী থেকে ওপরে উঠতে সে ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।



