জুনিয়র এশিয়া কাপ হকিতে সপ্তম বাংলাদেশের ছেলেরা

সংগৃহীত ছবি
জুনিয়র এশিয়া কাপ হকিতে সপ্তম হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনিবার স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে উড়িয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। চীনে মকি শহরে অনুষ্ঠিত এই আসরের শেষটা বাংলাদেশ করেছে দুর্দান্ত পারফরম্যান্সে। ম্যাচজুড়েই আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন মোহাম্মদ রিফাত। একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।
এই জয়ে জুনিয়র বিশ্বকাপের একটা সুক্ষ্ম সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। সেরা ছয় দল সুযোগ পেয়েছে জুনিয়র বিশ্বকাপে। সুযোগ পাওয়া ছয় দলের কোনো একটি যদি আগামী বছর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়, তবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো খেলার সুযোগ পেতে পারে। সর্বশেষ জুনিয়র বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ খেলেছিল যোগ্যতা অর্জণ করে। সেবার জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়েছিল তারা।



