আগামীর সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

বিলিয়ন ভারতীয়র হৃদয় ভাঙতে চায় নিউজিল্যান্ড

বিলিয়ন ভারতীয়র হৃদয় ভাঙতে চায় নিউজিল্যান্ড

ফাইনালের আগে ট্রফির সামনে দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল মনে আছে? আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে ভারতীয়দের চুপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। সত্যিই ফাইনালে ১ লাখের বেশি দর্শক নিস্তব্ধ হয়ে গিয়েছিল আহমেদাবাদের গ্যালারিতে।


রবিবার (৮ মার্চ) আরও একটি বিশ্বকাপ ফাইনালে সেই আহমেদাবাদে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকে আজ এক সাংবাদিক প্রশ্ন করলেন,‘আপনারা কী বিলিয়ন ভারতীয়র হৃদয় ভাঙতে চান?’


জবাবে স্যান্টনারও দিয়ে রাখলেন কামিন্সের মতো হুঁশিয়ারি,‘এটা অবশ্যই চ্যালেঞ্জের। সবাই জানে আমরা সম্ভবত ফেভারিট নই, তাতে কিছু যায় আসে না। আমাদের ছোট ছোট কাজগুলো যদি ভালোভাবে করি আর দলীয় শক্তিশালী পারফরম্যান্স করি, তাহলে আমরা পারব। তবে হ্যাঁ, প্রথমবার আমরা ট্রফি জিততে পারলে কিছু হৃদয় হয়তো ভেঙে যাবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। 


ফাইনাল জিততে হলে সামলাতে হবে জাসপ্রিত বুমরাকে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি কাল্পনিক ‘আলাদিন ও আশ্চর্য প্রদীপ’ গল্পের জিনে সঙ্গেই তুলনা করেছেন তাকে। সেমিফাইনালের ম্যাচ সেরা সঞ্জু স্যামসনও নিজের পদক দিতে চেয়েছিলেন বুমরাকে।


নিউজিল্যান্ডের তারকা গ্লেন ফিলিপসও জানেন বুমরাকে সামলানোর বিকল্প নেই। এজন্য বুমরার একটা খারাপ দিনের অপেক্ষায় ফিলিপস,‘বুমরাহ অসাধারণ বোলার। অনেক বৈচিত্র্য তার বোলিংয়ে । তবে বুমরাও মানুষ। তারও বাজে দিন যেতে পারে। ওর বিপক্ষে আমাদের একটা ভালো দিন কাটার আশা করছি।’


ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া নিয়ে ফিলিপস বললেন,‘নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫০ লক্ষ, যেখানে ভারতের জনসংখ্যা ১.৪ বিলিয়ন। ভারতের মতো ক্রিকেট পরাশক্তির মুখোমুখি হওয়া নিজেই একটি বড় অর্জন।’


আহমেদাবাদে আইসিসি টুর্নামেন্টে রেকর্ড ভালো নয় ভারতের। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা বিধ্বস্তই হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেই আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে আরও একটি পরিসংখ্যান ভাবাবে গৌতম গম্ভীরের দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কখনও নিউজিল্যান্ডকে হারাতেই পারেনি তারা। এবারের ফাইনালে কী ছবিটা বদলাবে?


ভারত দাপটে ফাইনালে পৌঁছালেও কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে এখনও। বিশ্বকাপের আগে সবার নজর ছিল টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অভিষেক শর্মার দিকে। কিন্তু বিশ্বকাপে সাত ম্যাচে মাত্র ৮৯ রান করেছেন তিনি। শূন্যের হ্যাটট্রিকও রয়েছে। সঞ্জু স্যামসন ব্যর্থ হলে অভিষেকের ছন্দে না থাকাটা ভোগাবে ভারতকে।


একইভাবে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বরুণ চক্রবর্তীও রান বিলিয়ে চলেছেন অকাতরে। ১৩ উইকেট নিলেও ওভার প্রতি দিয়েছেন ৮.৮৫ রান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে চার ওভারে ৬৪ রান দিয়েছেন বরুণ। ফাইনালে চেনা বরুণের অপেক্ষায় পুরো ভারত।


নইলে বিলিয়ন ভারতীয় দর্শকের হৃদয় ভাঙতে পারে আরও একবার।

    শেয়ার করুন: