অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব
ম্যাকাওকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ ’সি’-তে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন ইনজামুল মোস্তাকিম। বাছাইপর্বে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
আরব আমিরাতে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৫৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন মোস্তাকিম।
নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারানোর পর ম্যাকাওয়ের বিপক্ষেও জয় তুলে নিল মোস্তাকিমরা।
এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের যুবারা। বাছাইপর্বের নিয়ম অনুযায়ী সাতটি গ্রুপ থেকে শুধুমাত্র সাতটি গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে আগামী ২০ নভেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।
তবে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও।



