ফিফা সভাপতি নির্বাচন
১১৫ দিনে ৩২ দেশ সফর, সমালোচনার মুখে ইনফান্তিনো

সংগৃহীত ছবি
বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকে ব্যক্তিগত বিমানে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিবিসি স্পোর্টসের অনুসন্ধানে উঠে এসেছে, গত ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন তিনি। এ সময়ে ব্যক্তিগত বিমানে অন্তত ৩৯ বার যাতায়াত করেছেন ফিফা প্রধান।
গত ২৮ জুলাই বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার খবর প্রকাশ্যে আসে। এরপর থেকে ইনফান্তিনো প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল আকাশপথ পাড়ি দিয়েছেন। সব মিলিয়ে বিমানে তার সময় কেটেছে প্রায় ২১৪ ঘণ্টা, যা প্রায় নয় দিনের সমান।
আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন ইনফান্তিনো। সমালোচকদের অভিযোগ, পুনর্নির্বাচনের প্রচারণায় নিজের ক্ষমতা ও ফিফার সুযোগ-সুবিধা ব্যবহার করছেন তিনি। বিভিন্ন দেশ সফরের সময় সমর্থন আদায় এবং প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে।
ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগুয়েল মাদুরো মনে করেন, ইনফান্তিনোর এসব সফরের পেছনে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য রয়েছে। তার মতে, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ফলে সভাপতি হিসেবে সরকারি সফরের আড়ালে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন ইনফান্তিনো। অন্য প্রার্থীদের পক্ষে তার সঙ্গে অর্থ ও সুযোগ-সুবিধার দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করাও কঠিন।
বিবিসির অনুসন্ধান অনুযায়ী, ইনফান্তিনোর ব্যবহৃত ব্যক্তিগত বিমানগুলো কাতার এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে। কাতার এয়ারওয়েজ আবার ফিফার অন্যতম পৃষ্ঠপোষক। তবে এসব বিমানের খরচ কে বহন করছে এবং এতে ফিফার অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে ইনফান্তিনোর ঘনঘন ব্যক্তিগত বিমানে ভ্রমণ নিয়ে পরিবেশগত উদ্বেগও তৈরি হয়েছে। হিসাব অনুযায়ী, তার এসব যাত্রায় আনুমানিক ১ হাজার ৬৭৩ টন কার্বন নিঃসরণ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, একজন মানুষের গড় বার্ষিক কার্বন নিঃসরণের তুলনায় এই পরিমাণ প্রায় ২৫২ জনের সমান।
তবে ফিফা জানিয়েছে, সভাপতি হিসেবে ২১১টি সদস্য দেশের ফুটবল সংস্থা, কনফেডারেশন, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইনফান্তিনোর দায়িত্ব। সে কারণেই তাকে নিয়মিত বিভিন্ন দেশ সফর করতে হয়। সংস্থাটির দাবি, কর্মকর্তাদের ভ্রমণের জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং ইনফান্তিনোর সব সফরই ফিফার নিয়ম মেনে পরিচালিত হচ্ছে।



