বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান এখন যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা

চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে দুর্দান্ত এক চিপ শটে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক গোলদাতা বনে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান।
মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে এই কীর্তি গড়লেন সুলিভান। এর আগে গত বুধবার চিলির বিপক্ষে গোল করে ১৭ বছর ১৩১ দিন বয়সে ম্যাথিস আলবার্ট এই রেকর্ড গড়েছিলেন। তবে তার সেই রেকর্ড টিকল মাত্র পাঁচ দিন। আগামী মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া এই তরুণ প্রতিভা মেক্সিকোর গোলরক্ষক রাউল রেঙ্গেলের ভুল পাস ইন্টারসেপ্ট করে ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
গোল করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুলিভান বলেন, ‘তিন, চার, পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকেই আপনি এই ধরনের মুহূর্তগুলোর স্বপ্ন দেখবেন। আমি কেবল গত কয়েক ঘণ্টার জন্য নয়, আমার পুরো জীবনটাই এই মুহূর্তটির জন্য প্রস্তুত করেছি।’
এমএলএস ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণকে ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সেই দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। আগামী মৌসুমে তার ইতিহাদ স্টেডিয়ামে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে প্রিমিয়ার লিগের ১১৫টি আর্থিক বিধিভঙ্গের অভিযোগে ম্যান সিটির বিরুদ্ধে ওঠা আইনি জটিলতা এবং আপিলের কারণে এই দলবদল নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
মেক্সিকোর বিপক্ষে সুলিভানের এই চিপ শট গোলের আগে ম্যাচের ২৮তম মিনিটে মরিসিও পচেত্তিনোর দলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আরেক কিশোর ১৮ বছর বয়সী জুলিয়ান হল। সুলিভানের গোলের পর ম্যাচের ৬৮তম মিনিটে মেক্সিকোর বদলি খেলোয়াড় লুইস চাভেজের লাল কার্ড দেখলে আরও বিপাকে পড়ে প্রতিপক্ষ। ৮৪তম মিনিটে মালিক তিলম্যান আরও এক গোল করে যুক্তরাষ্ট্রের বড় জয় নিশ্চিত করেন।




