আসিয়ান কাপ
কিছু পয়েন্ট পেলেই নিজেদের সফল ভাববেন জামাল

ছবি: বাফুফে
ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ার। আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে শুরু করবে জামাল ভুঁইয়ার দল। ম্যাচের আগের দিন দলের অধিনায়ক বলছেন, এই টুর্নামেন্টে কিছু পয়েন্ট কিংবা একটি জয় পেলেই নিজেদের সফল মনে করবেন তারা।
ভারতের সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে আসিয়ান কাপে ডাক পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া; গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাংকিংয়ে তাদের চেয়ে উপরের দিকে থাকা তিন দেশ।
জামাল শুরুতেই বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি।’
জামালের মতে, প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে। তবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ দল, ‘কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে।’
সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ। আসিয়ান কাপকে ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই দেখছেন জামাল, ‘কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।’
তবে প্রস্তুতি মনে করলেও মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি জয় নিয়ে ফিরতে পারলে সেটিকে সফল সফর হিসেবেই দেখবেন জামা, ‘অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’



