বিশ্বকাপ
ব্রাজিলকে ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে জার্মানির?

সংগৃহীত ছবি
বিশ্বকাপের সর্বাধিক শিরোপার মালিক ব্রাজিল। ৪টি করে শিরোপা জিতে কাছাকাছি থাকা দুটি দলের মাঝে ইতালি তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না। আর বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল জার্মানি গত দুটি আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, চারবারের রানার্সআপ আর চারবার তৃতীয় স্থান অর্জন করা ‘ডাই মানশাফট’রা বিশ্বমঞ্চে নামা মানেই ফেবারিটদের তালিকায় প্রথম সারিতে থাকা। কিন্তু সাম্প্রতিক অতীত তাদের হয়ে ক্থা বলছে না।
আজ রবিবার রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে গ্রুপ ‘ই’-এর ম্যাচে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে হুলিয়ান নাগেলসম্যানের দল। তবে শিরোপা নিয়ে ভাবার আগে জার্মানির প্রথম ও প্রধান লক্ষ্য যেকোনো মূল্যে গত দুই আসরের মতো গ্রুপ পর্বের ট্র্যাজেডি এড়ানো। আইভরি কোস্ট, ইকুয়েডর এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে পা রাখা ক্যারিবীয় দ্বীপ কুরাসাওকে নিয়ে গড়া এই গ্রুপ থেকে জার্মানি যদি এবারও নক-আউটে যেতে না পারে, তবে জার্মান ফুটবলে যে এক বিশাল বিপর্যয় নেমে আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতালির মতো দেশ যেখানে টানা তিন বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি, সেখানে জার্মানির টানা গ্রুপ পর্ব থেকে বাদ পড়া সবচেয়ে বড় ধাক্কা। তবে এবারের আসরে নাগেলসম্যানের হাতে রয়েছে বিশ্বফুটবলের অন্যতম সেরা দুই তরুণ প্লে-মেকার জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টজ। এই দুই তরুণের পায়ের জাদুর ওপর ভর করেই জার্মানি তাদের আক্রমণভাগ সাজাচ্ছে। ক্লাব ফুটবলে সদ্য সমাপ্ত মৌসুমটা দুজনের কারও জন্যই খুব একটা অসাধারণ না কাটলেও জাতীয় দলের জার্সিতে কাই হাভার্টজের সঙ্গে গড়া দুর্ধর্ষ আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের রক্ষণ ধসিয়ে দিতে পারে।
অভিজ্ঞতার ঝুলি সামলাতে ডিফেন্সে থাকছেন আন্তোনিও রুডিগার এবং মাঝমাঠে জশুয়া কিমিচ। তরুণ ও অভিজ্ঞদের এই মিশনে নাগেলসম্যানের ছক ঠিকঠাক কাজ করলে জার্মানিকে শিরোপার দৌড়ে থামানো কঠিন হবে। ‘দ্য অ্যাথলেটিক’-এর ফুটবল বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, জার্মানি এবার গ্রুপ পর্বের বাধা অনায়াসেই পার করবে। তবে শিরোপা জেতার ক্ষেত্রে তাদের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার একটি জোরালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আজকের ম্যাচে মাত্র ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি বড় ব্যবধানে জিতবে বলেই ধারণা ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থকদের। তবে চমকপ্রদ বিষয় হলো, দ্য অ্যাথলেটিকের ভবিষ্যৎবাণীতে বিশেষজ্ঞ এবং দর্শকেরা জার্মানিকে জেতালেও ‘স্ট্যানলি’ নামের একটি পোষা কুকুর কিন্তু কুরাসাওয়ের জয়ের পক্ষে বাজি ধরেছে! জার্মানি কি পারবে সব সংশয় উড়িয়ে পঞ্চমবারের মতো বিশ্বসেরার মুকুট মাথায় তুলতে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।




