বিশ্বকাপ
১০ এ কত পেলেন ব্রাজিল ফুটবলাররা?

সংগৃহীত ছবি
মরক্কোর বিপক্ষে হারতে হারতে ড্র করেছে ব্রাজিল। গ্রুপ সি এর প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করা ব্রাজিল মন ভরাতে পারেনি সমর্থকদের। গোল ডট কমের রেটিংয়ে ১০ এ কত পেলেন ব্রাজিল ফুটবলাররা?
কোচ: কার্লো আনচেলত্তি — ৫/১০
বিশ্বকাপ অভিষেকটা খুব ভালো হলো না ‘ডন কার্লোর’। মরক্কোর বিপক্ষে দল জিততে পারেনি। একাদশ, কৌশল নিয়েও হয়েছে সমালোচনা। কোচ হিসেবে তিনি পেয়েছেন ৫।
আলিসন — ৬/১০
মরক্কোর গোলটা ঠেকানোর কোন উপায় ছিল না আলিসনের। ম্যাচে দারুণ কিছু সেভ করে ব্রাজিল কিপার পেয়েছেন ১০ এ ৬।
রজার ইবানেজ — ৪/১০
বারবার মরক্কোর আক্রমণের ঢাল হয়ে দাঁড়াতে পারেননি, লেগেছে অসহায়। ৩১ বার বলে টাচ, দুটি ড্রিবলের একটিতে গড়বড় করেছেন। গ্রাউন্ড ডুয়েলসের ৯টির ৫টিতেই ব্যর্থ ডিফেন্ডার রজার ইবানেজ। তিনি পেয়েছেন মাত্র ৪।
মারকিনিয়োস — ৫/১০
ব্রাজিল অধিনায়ক নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। লং পাস ৭টির ছয়টিই ঠিকঠাক পৌঁছেছে, হেডে ক্লিয়ারেন্স আছে ৩টি। মরক্কোর গোলের সময় জায়গামতো ছিলেন না মারকিনিয়োস। ১০ এ তিনি পেয়েছে ৫।
গাব্রিয়েল মাগালিয়ায়েস — ৬/১০
মরক্কোর গোলের জন্য তিনিও সমান দায়ী। এরপর অবশ্য কিছুটা ভালো খেলেছেন। রক্ষণে ক্লিয়ারেন্স, ব্লক ও ট্যাকল মিলিয়ে ৯ বার পরিষ্কার অবদান রেখেছেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। ১০ এ পেয়েছেন ৬।
দগলাস সান্তোস —৫/১০
পুরো ম্যাচে মাত্র ছয়বার বল পুনরুদ্ধার করতে পেরেছেন, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন ৯ বারের সাতবার। ৩২ বছর বয়সী সান্তোসকে একেবারেই আত্মবিশ্বাসী দেখা যায়নি। বয়সের ছাপ ছিল স্পষ্ট। ১০ এ পেয়েছেন মাত্র ৫।
কাসেমিরো — ৪/১০
তার ওপর ভরসা ছিল পাহাড়সমান। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার কাসেমিরো চরম হতাশ করেছেন সমর্থকদের। খেলার গতির সঙ্গে তাল মেলাতে পারেননি, বিরতির আগেই হলুদ কার্ড পেয়েছেন, এরপর বিরতিতেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ১০ এ পেয়েছেন মাত্র ৪।
ব্রুনো গিমারেস —৬/১০
মিডফিল্ড জুটির মধ্যে গিমারেস তুলনামূলকভাবে ভালো ছিলেন। ভিনির গোলে অ্যাসিস্ট করেছেন, মাঠের বড় অংশেই বলের জন্য লড়েছেন। গিমারেস পেয়েছেন ৬।
লুকাস পাকেতা —৫/১০
প্রথম হাফের বেশিরভাগ সময় মাঠে খুঁজে পাওয়া যায়নি তাকে। শেষ মুহূর্তে কিছুটা ঝলকও দেখা গেছে লুকাস পাকেতার। মরক্কো গোলকিপার একটি দারুণ সেভ না করলে হয়তো গোলও পেতেন। তিনি পেয়েছেন ৫।
রাফিনিয়া — ৬/১০
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে বেশ গড়বড় করেছেন। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করেছেন। তবে সব মিলিয়ে বার্সেলোনার সেই বিধ্বংসী রাফিনিয়াকে খুঁজে পাওয়া যায়নি মাঠে। ম্যাচে যৌথভাবে সবচেয়ে বেশি ৩টি সুযোগ তৈরি করেছেন, প্রতিপক্ষের বক্সেও বল স্পর্শ করেছেন পাঁচবার। তিনি পেয়েছেন ৬।
ইগর থিয়াগো —৬/১০
মাঠে ভালো কিছু করতে পারেননি। মিস করেছেন গোলের দারুণ সুযোগও। এই ফরোয়ার্ড পেয়েছেন ৬ পয়েন্ট।
ভিনিসিয়ুস জুনিয়র —৮/১০
মরক্কোর বিপক্ষে তিনিই ব্রাজিলের সেরা ফুটবলার। দারুণ এক গোল করেছেন। মরক্কোর বক্সে যৌথভাবে সর্বোচ্চ ৫টি টাচ করেছেন। ভিনি পেয়েছেন সর্বোচ্চ ৮।
দানিলো —৬/১০
ফাবিনিও —৬/১০
মাথেউস কুনিয়া — ৬/১০
লুইজ এনরিকে — ৫/১০


