বিশ্বকাপে ভারত নেই, আছেন ভারতীয় বংশোদ্ভূত চার ফুটবলার

বাম থেকে- তাহসিন জামশিদ, নিশান ভেলুপিল্লাই, সামুয়েল মুতুসামি এবং সারপ্রীত সিং।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসরে এশিয়ার ৮টি দেশ সুযোগ পেলেও নেই ভারত। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া আসরে এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে। বিশ্বকাপ খেলতে না পারলেও ফুটবল নিয়ে ভারতে উন্মাদনা কম নয়। এমনকী বিশ্বকাপেও থাকছে ‘ভারতের প্রতিনিধি’। বিভিন্ন দেশের জার্সি গায়ে মাঠ মাতাবেন বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার।
সারপ্রীত সিং (নিউজিল্যান্ড)
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ২৭ বছর বয়সী মিডফিল্ডার সারপ্রীত সিং। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখের সাবেক এই একাডেমি খেলোয়াড়ের জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হলেও তার বাবা-মা পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। বায়ার্ন মিউনিখ ছাড়াও জার্মানি ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি সার্বিয়ান ক্লাব টিএসসির ধারে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফিনিক্সে খেলছেন। ২০১৮ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। ইনজুরি কাটিয়ে ফেরা সারপ্রীত এবার কিউইদের মাঝমাঠের প্রধান ভরসা।
তাহসিন জামশিদ (কাতার)
কাতার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার তাহসিন মোহাম্মদ জামশিদ। ২০০৬ সালে কাতারে জন্ম নেওয়া এই তরুণের বাবা-মা দুজনেই ভারতের কেরালার বাসিন্দা। কাতারের ঘরোয়া শীর্ষ লিগ ‘কাতার স্টার্স লিগ’-এ খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার তিনি। বর্তমানে তিনি কাতারি ক্লাব আল-দুহাইলের হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলা এই তরুণ উইঙ্গার এবারের বিশ্বকাপে কাতারের জার্সিতে বড় চমক হতে পারেন।
নিশান ভেলুপিল্লাই (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মেলবোর্ন ভিক্টরির ২৫ বছর বয়সী উইঙ্গার নিশান ভেলুপিল্লাই। নিশানের জন্ম মেলবোর্নে হলেও তার পারিবারিক শিকড় বেশ বৈচিত্র্যময়। তার বাবা তামিল বংশোদ্ভূত মালয়েশিয়ান এবং মা একজন অ্যাংলো-ইন্ডিয়ান। মেলবোর্ন ভিক্টরির হয়ে ১২৮টি ম্যাচ খেলা নিশানের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। অজিদের হয়ে এ পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
সামুয়েল মুতুসামি (ডিআর কঙ্গো)
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) হয়ে বিশ্বকাপ মাতাবেন ২৯ বছর বয়সী রক্ষণাত্মক মিডফিল্ডার সামুয়েল মুতুসামি। ফ্রান্সের প্যারিসে জন্ম নেওয়া মুতুসামির বাবা ইন্দো-গুয়াদেলুপিয়ান বংশোদ্ভূত তামিল এবং মা কঙ্গোর নাগরিক। মায়ের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল বেছে নেওয়া মুতুসামি ২০১৯ সাল থেকে কঙ্গোর হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন। ফরাসি ক্লাব নান্তেসের হয়ে ১৪৪টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফুটবলার বর্তমানে গ্রিসের ক্লাব আত্রোমিতোসের হয়ে খেলছেন। পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের মতো কঠিন গ্রুপে কঙ্গোর মাঝমাঠ আগলানোর মূল দায়িত্ব থাকবে তার কাঁধেই।






