- ২ মাস আগে(০৫:১২)

জার্মানির বিদায়
ইতিহাস গড়ে বিশ্বকাপের সেরা ১৬'তে নাম লিখিয়েছে প্যারাগুয়ে। ১-১ সমতায় শেষ হওয়ার টাইব্রেকারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাসের সেরা জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে।
ছয় শটের টাইব্রেকারে হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে নিয়ে যান শেষ ষোলয়।
টাইব্রেকারের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন জার্মানিকে সমতায় ফেরানো হাভার্টজ। মরিসিও গোল করে এগিয়ে নেন প্যারাগুয়েকে। এরপর জার্মানির হয়ে ইয়োশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা গোল করেন। প্যারাগুয়ের হয়ে গুসাভো গোমেজ ও মাতিয়াস গালিয়ারজা গোল করে প্যারাগুয়ের লিড অক্ষুন্ন রাখেন। এরপরেই ঘটে নাটকীয় ঘটনা। জার্মানির নিক ওল্টমেডের শট রুখে দেন প্যারাগুয়ে কিপার গিল।
তবে অ্যান্তোনিও সানব্রিয়া পারেননি দলের জয় নিশ্চিত করতে, তার শট বাইরে গেলে আশা বেচে থাকে জার্মানির। নাদিম আমিরি গোল করে ৩-৩ করেন। আর জার্মান কিপার নয়ার রুখে দেন ফাবিয়ান বালবুয়েনার শট। ম্যাচ গড়ায় সাডেন ডেথে। তবে টাহ’র শট পোস্টের উপর দিয়ে যায়। আর কানালে নয়ারকে পরাস্ত করলে প্যারাগুয়ে পেয়ে যায় শেষ ষোল'র টিকিট।
৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে খেলবে কোয়ার্টার ফাইনালে মঞ্চে পা রাখার ম্যাচ। অন্যদিকে জার্মানির পঞ্চম শিরোপা অপেক্ষাটা দীর্ঘায়িত হল আরও চার বছর।
- ২ মাস আগে(০৪:৫০)
জার্মানির ভাগ্য গড়াল টাইব্রেকারে
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচ ১-১ সমতা। তাই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির ভাগ্য গড়াল টাইব্রেকারে। এবারের বিশ্বকাপে প্রথম টাইব্রেকারের ঘটনা ঘটতে যাচ্ছে এই ম্যাচে।
অভিজ্ঞ মানুয়েল নয়ার কী পারবেন জার্মানির পঞ্চম শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে? নাকী প্যারাগুয়ে নতুন ইতিহাস গড়ে চলে যাবে পরের রাউন্ডে?
- ২ মাস আগে(০৪:২৯)

ইয়োনাথান টাহ'র গোল ভিএআর-এ বাতিল
১০২ মিনিটে ইয়োনাথান টাহ হেডে জার্মানিকে এগিয়ে নিয়েছিলেন। ব্রাউনের কর্নারে মাপা হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার। তবে ভিএআর চেক-এ দেখা যায় তার আগেই প্যারাগুয়ে কিপারকে ফাউল করেছিলেন জার্মান ফুটবলার এনটন।
অতিরিক্ত সময়ের শুরুর ১৫ মিনিটেও থাকে সমতা।
- ২ মাস আগে(০৪:১২)

সমতায় শেষ নির্ধারিত সময়, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে
হাভার্টজের গোলে লিড হারানোর পর বাকি সময়টা নিজেদের রক্ষণ নিরেট রাখতে পারে প্যারাগুয়ে। তাতে ম্যাচের ভাগ্য গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।
নির্ধারিত ৯০ মিনিট শেষে জার্মানি ১-১ প্যারাগুয়ে
- ২ মাস আগে(০৪:১০)

হাভার্টজকে হতাশ করলেন গিল
৭৮ মিনিটে গোলমুখ থেকে হাভার্টজের হেড শেষ মুহূর্তে রুখে দিয়ে জার্মানিকে এগিয়ে যেতে দেননি প্যারাগুয়েল কিপার ওর্লানান্দো গিল। দ্বিতীয় গোলের দারুণ চেষ্টা ব্যর্থ হয় হাভার্টজের।
ম্যাচে এখনও ১-১ সমতা।
- ২ মাস আগে(০৩:৪৭)

কাই হাভার্টজের গোলে জার্মানরা সমতায়
ফ্লোরিয়ান ভির্টসের ক্রসে ব্যাক হেডে প্যারাগুয়ে কিপার ওর্লান্দো গিলকে বোকা বানান কাই হাভার্টজ। ৫৪ মিনিটে জার্মানদের সমতায় ফেরান তিনি।
বিশ্বকাপে হাভার্টজের এটি পঞ্চম গোল। এই বিশ্বকাপে তৃতীয়। কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। এর আগে ২০২২ বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্সেনালের এই ফরোয়ার্ড।
সব মিলিয়ে ৬১ ম্যাচে জার্মানির হয়ে খেলে ২৫ গোল করেছেন হাভার্টজ।
- ২ মাস আগে(০৩:১১)

প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় প্যারাগুয়ে
প্রথমার্ধ শেষে এখন বিরতি। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি পিছিয়ে থেকে শুরু করবে দ্বিতীয়ার্ধ।
প্রথমার্ধ শেষ হচ্ছিল গোলশূণ্য সমতায়। কিন্তু ৪২ মিনিটে একেবারে ধারার বিপরীতে গোল করে প্যারাগুয়েকে লিড এনে দেন হুলিও এনসিসো। দুর্দান্ত হেডে জার্মান কিপার ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন এনসিসো।
প্যারাগুয়ের জন্য এটি বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম গোল। এর আগে নকআউট পর্বের ৫টি ম্যাচে তারা কোনো গোলই করতে পারেনি।
প্যারাগুয়ের পুরো পরিকল্পনাই একদম নিখুঁতভাবে কাজে লেগেছে। তারা জার্মানির ক্রমাগত চাপ সামলে নিয়ে ঠিকঠাক সময়ে প্রতি-আক্রমণ থেকে গোলটি আদায় করে নেয়।
- ২ মাস আগে(০২:৩৭)
দেখে নিন একাদশ
জার্মানি একাদশ: মানুয়েল নয়ার, আন্টোনিও রুডিগার, ইয়োনাথান টাহ, ইয়োশুয়া কিমিচ, নাথানিয়েল ব্রাউন, আলেক্সান্দার পাভলোভিচ, ফ্লেরিয়ান ভির্টস, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, কাই হাভার্টজ, ডেনিজ উনডাফ।
প্যারাগুয়ে একাদশ: ওর্লানান্দো গিল, হুয়ান হোসে কাসেরেস, জুনিয়র আলোন্সো, হোসে কানালে, গুস্তাভো গোমেস, মিগেল আলমিরোন, আন্দ্রেস কুবাস, দামিয়ান বোবাদিয়া, মাতিয়াস গালারসা, হুলিও এনসিসো, গাব্রিয়েল আভালোস।
৩০ জুন ২০২৬, সকাল ৬:০
প্যারাগুয়ের সামনে জার্মানি
নকআউট পর্বের প্রথম ধাপ শেষ ৩২-এ মুখোমুখি জার্মানি-প্যারাগুয়ে






