পেরেছিলেন ম্যারাডোনা পারবেন কি মেসি?

সংগৃহীত ছবি
১৯৮৬ সালের ২২ জুন তারিখটি ফুটবল ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এ দিনটি শুধু একটি নাটকীয় ফুটবল ম্যাচ উপহার দেয়নি, জন্ম দিয়েছিল এক মহাতারকার, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে সেদিন ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা নামটি ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয়।
সেদিন ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এ ম্যাচেই জন্ম নিয়েছিল ফুটবল ইতিহাসের বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’গোল এবং গোলরক্ষকসহ ছয় জনকে কাটিয়ে করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। একটি গোলের জন্য তিনি প্রশংসিত, অন্যটির জন্য সমালোচিত। তবে আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে দিনটি আজও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবের।
৪০ বছর পর আজ আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই দল। মেক্সিকোর সেই ঐতিহাসিক ম্যাচের পর আরও দুবার ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি ফুটবলের আরেক জাদুকর লিওনেল মেসি। তাই অনেকের প্রশ্ন, চার দশক আগে ম্যারাডোনা যেভাবে কৌশলে ও জাদুকরী ফুটবল খেলে ইংল্যান্ডকে শেষ করে দিয়েছিলেন মেসিও কি আজ সেরকম অবিশ্বাস্য কীর্তি গড়তে পারবেন?
তিনি সেরকম কিছু করলে আলবিসেলেস্তেদের জন্য সহজ হয়ে যায় ম্যাচটা। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন মেসি। সব শেষে বিশ্বকাপ জিতেছেন, তার আগে আটটি ব্যালন ডি'অর এবং গোল ও শিরোপার অনেক রেকর্ড গড়ে হয়ে গেছেন সর্বকালের সেরা। বয়স ৩৯ ছুঁলেও এ বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে তিনি প্রমাণ করেছেন, প্রতিপক্ষের জন্য এখনও বড় হুমকি মেসি। সুতরাং এ জাদুকরই পারেন সেমিফাইনালে ইংল্যান্ডকে শেষ করে দিতে। রক্ষণ-ছেঁড়া দৌড় কিংবা একটি নিখুঁত পাসেই তিনি এ ম্যাচে লিখতে পারেন আলবিসেলেস্তেদের ভাগ্য।
সেটা
তিনি নিয়মিত লিখেছেন। তবে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তার পেনাল্টি
মিসে ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে সহজ হয়ে
যায়। তাদের ওপর ভরসা রাখা যায় এ ম্যাচেও। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ স্নায়ুচাপে
ফেলে দেয় খেলোয়াড়দের। কারণ এ ম্যাচে ফুটবলের সঙ্গে চলে আসে অনেক কিছু- ফকল্যান্ড যুদ্ধসহ
মাঠের নানা ঐতিহাসিক ঘটনা। তা ছাড়া এটি মেসির প্রথম ইংল্যান্ড-পরীক্ষা। এমন পরীক্ষায়
জাদুকরের ‘স্পেশাল’ পারফরম্যান্স আশা করতেই পারে সমর্থকরা।




