ফ্লিকের যে পরিকল্পনায় আবারও 'কামব্যাক' দিল বার্সা

সংগৃহীত ছবি
২-০ গোলে পিছিয়ে পড়ে জেগেছিল হারের শঙ্কা। বার্সেলোনা অবশ্য দারুণ এক ফিরে আসার গল্প রচনা করল। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে শীর্ষস্থান দৃঢ় করার পর কোচ হান্সি ফ্লিক জানালেন, নিজেদের পরিকল্পনায় অটল ছিল বলেই জিতেছে বার্সা।
শুরুটা অবশ্য বার্সার জন্য ছিল রীতিমত দুঃস্বপ্নের মতো। ফের্মিন লোপেসের ভুল পাস থেকে কানাডার ফরোয়ার্ড তাজন বুকাননের গোলে শুরুতেই এগিয়ে যায় ভিয়ারেয়াল। সপ্তম মিনিটে এরিক গার্সিয়াকে পেছনে ফেলে ব্যবধান দ্বিগুণ করেন কানাডার আরেক ফুটবলার তানি ওলুওয়াসেয়ি। ব্যবধান কমানোর সুযোগ এলেও হাফ টাইমের আগে পেনাল্টি মিস করেন লামিন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। ৫৭ থেকে ৬৭; এই ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের দল। ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ২৪ বার পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা, যার মধ্যে অন্তত দুই গোলে পিছিয়ে থেকে জয়ের এটি ষষ্ঠ ঘটনা।
ম্যাচ শেষে ফ্লিক জানালেন, ‘প্রথম ১০ মিনিট দেখলে বলব, আমাদের শুরুটা ভালো হয়নি। আমরা বল পায়ে বেশি সময় নিয়েছি, দুটি ভুল করেছি এবং ওরা দুটি গোল দিয়েছে। তবে এরপর দলের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। প্রথমার্ধেও আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। বিরতির পর আমরা ভেবেছি কোথায় উন্নতি করা যায়-;আরও গোছানো কাঠামো দরকার ছিল। আমরা এভাবে খেললে প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ে। ১০ মিনিটে তিন গোল করাটা ছিল অসাধারণ। চ্যাম্পিয়নস লিগ মানের একটি দলের বিপক্ষে দারুণ একটি ম্যাচ হয়েছে।‘
বিরতির সময় দলকে একইভাবে আক্রমণ করে যাওয়ার বার্তা দেন ফ্লিক, ম্যাচের পর সেই কথাই শোনালেন ডিফেন্ডার এরিক গার্সিয়া, ‘তিনি আমাদেরকে নিজ পজিশনে থাকার এবং নিজেদের দায়িত্ব অটল থাকার জন্য বলেছিলেন। আমরা জানতাম, একবার আমরা গোল পেয়ে গেলে, আমাদের আটকানো খুব কঠিন হবে। আমরা প্রথম গোলটি করলাম, দ্বিতীয়টিও এলো এর পরপরই, এবং আমাদের সমর্থকরা আমাদেরকে আরও কিছু করতে উদ্বুদ্ধ করল, তখন আমাদের প্রাণশক্তি যেন আরও বেড়ে গেল।‘



