১৮ বছর পর বেঞ্চে কাটালেন রোনালদো

সংগৃহীত ছবি
ক্রিস্তিয়ানো রোনালদোকে পর্তুগালের একাদশে না দেখা নতুন কিছু নয়। কিন্তু ম্যাচের পুরোটা সময় তাকে বেঞ্চে রেখে দেওয়া বেশ বিরল। নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস। ১৮ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে না নেমে পুরো সময়টা বেঞ্চে কাটালেন ৪১ বছর বয়সী তারকা।
নরওয়ের বিপক্ষে শুরু থেকেই রোনালদোকে বাইরে রাখেন জেসুস। ম্যাচের শেষ দিকে অবশ্য তাকে ওয়ার্মআপ করতে দেখা যায়। তখন ধারণা করা হচ্ছিল শেষ মুহূর্তে হয়তো মাঠে নামবেন পর্তুগালের অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর শেষ হয়নি। রোনালদোকে ছাড়াই ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
রোনালদোর জায়গায় শুরুতে সুযোগ পাওয়া গনসালো রামোসই হয়ে ওঠেন ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। একটি গোল করেন তিনি। তার আরও একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। রামোসের পারফরম্যান্সের পর তাকে তুলে রোনালদোকে নামানোর প্রয়োজন দেখেননি জেসুস।
ম্যাচ শেষে পর্তুগাল কোচ জানান, শুরুতে রোনালদোকে শেষ আধা ঘণ্টায় নামানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন, ‘গনসালো ভালো খেলছিল, গোল করেছে, আরেকটি গোলও করেছিল যদিও সেটি বাতিল হয়েছে। তাই তাকে তুলে নেওয়ার সঠিক সময় মনে হয়নি।’
শেষদিকে নরওয়ে যখন সমতা ফেরানোর চেষ্টা করছিল তখন দলের ভারসাম্য ধরে রাখাকেই বেশি গুরুত্ব দেন পর্তুগাল কোচ, ‘ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে পরিস্থিতিও বদলেছে। তখন রোনালদোকে নামানোর সঠিক সময় আর ছিল না। দলের ভারসাম্য নিশ্চিত করতে আমাদের ভিন্ন বৈশিষ্ট্যের একজন খেলোয়াড় প্রয়োজন ছিল।’
প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদোর এমন অভিজ্ঞতা সর্বশেষ হয়েছিল ২০০৮ সালের ১৫ জুন। ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে ছিলেন তিনি। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সেদিন একাদশে বড় পরিবর্তন এনেছিলেন তৎকালীন কোচ লুইস ফেলিপে স্কলারি। সেই ম্যাচে অবশ্য পর্তুগাল ২–০ গোলে হেরেছিল।
এরপর ২০২৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও স্কোয়াডে থেকেও মাঠে নামেননি রোনালদো। ইউরোর আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে সেদিন তাকে বাইরে রেখেছিল পর্তুগাল। তবে সেটি ছিল প্রীতি ম্যাচ। তাই নরওয়ের বিপক্ষে ম্যাচটিই ১৮ বছর পর রোনালদোর এমন বিরল প্রতিযোগিতামূলক ম্যাচ।
পর্তুগালের পরবর্তী ম্যাচ ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে। সেখানে রোনালদোকে আবার একাদশে দেখা যায় কি না এখন সেটিই দেখার বিষয়।



