নাইট ক্লাব কেলেঙ্কারির তদন্ত করবেন তাবিথ

গ্রাফিকস: আগামীর সময়
ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে তিন ম্যাচে ১৩ গোল (ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল) হজম করে বিদায় নিয়েছে বাংলাদেশ। এ ব্যর্থতার মাঝেই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাবে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ফুটবলাঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। গতকাল সোমবার ফর্টিজ ডাউনটাউন রিসোর্টে বাফুফের জাতীয় দল কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার পর বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল জানিয়েছেন, অভিযোগ ও ছড়িয়ে পড়া ছবি কেন্দ্র করে খেলোয়াড়দের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি নিজে তদন্ত করবেন। খেলোয়াড়দের সঙ্গে বসে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে কমিটিকে সুপারিশ করবেন।
এ ছাড়া জাতীয় দলের ফুটবলারদের খেপ খেলার বিষয় নিয়েও সভায় আলোচনা হয়, যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। দেরিতে হলেও বাফুফে বিষয়টি খতিয়ে দেখার এবং খেলোয়াড়দের কাউন্সেলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আসিয়ান কাপের এ ব্যর্থতায় কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও ফুটবলারসহ প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। তবে ম্যাচের ইতিবাচক দিক উল্লেখ করে তিনি দাবি করেছেন, দলের প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী তরুণ ফুটবলারদের খুঁজতে ইংল্যান্ড ও ইউরোপে বছরে দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছে বাফুফে। পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলকেও আন্তর্জাতিক ম্যাচের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে, আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা বলেছেন তাবিথ। সাফের প্রথম ম্যাচে হামজা চৌধুরীসহ ৯০ ভাগ প্রবাসী ফুটবলারকে না পাওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি। চলমান বাংলাদেশ ফুটবল লিগ নিম্নমানের মাঠে আয়োজনে কথা স্বীকার করে মান উন্নত করার আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি।



