এল ক্ল্যাসিকো
বার্সা স্কোয়াডে অভিষেকের সম্ভাবনা ইসরায়েলি বিস্ময় বালকের

স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ‘এল ক্ল্যাসিকো’তে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা দলে আসতে পারে বড় এক চমক। স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, দানি ওলমোর ইনজুরির কারণে মাত্র ১৭ বছর বয়সি উঠতি ইসরায়েলি মিডফিল্ডার ওরিয়ান গোরেনকে বার্সেলোনার মূল দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন কোচ হান্সি ফ্লিক।
গত শুক্রবার স্পটিফাই ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে হান্সি ফ্লিকের অধীনে মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন এই তরুণ প্রতিভা। লা মাসিয়ার অন্যতম উজ্জ্বল রত্ন হিসেবে পরিচিত গোরেন প্রাক-মৌসুম অনুশীলনেও এই জার্মান কোচের নজর কেড়েছিলেন। এমনকি জোয়ান গাম্পার ট্রফিসহ বেশ কিছু ম্যাচে বার্সা অ্যাথলেটের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ২০০৯ সালে জন্ম নেওয়া এই মিডফিল্ডারের টেকনিক্যাল কোয়ালিটি ও মাঠের মুভমেন্ট এতটাই নিখুঁত যে, বার্সেলোনার যুব একাডেমির কোচরা তার মধ্যে ভবিষ্যৎ পেদ্রির ছায়া দেখতে পাচ্ছেন। বর্তমানে হুলিয়ানো বেলেরত্তির অধীনে রিজার্ভ দলেও নিয়মিত পারফর্ম করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। দানি ওলমোর ইনজুরির কারণে মিডফিল্ডে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণের জন্যই গোরেনকে স্কোয়াডে রাখার কথা বিবেচনা করছেন ফ্লিক।
এদিকে শুধু গোরেনই নন, শুক্রবারের অনুশীলনে বার্সেলোনার আরও দুই তরুণ তুর্কিকে ডেকেছিলেন ফ্লিক। তাদের মধ্যে মিডফিল্ডার ইব্রাহিমা তুনকারা ও ডিফেন্ডার অ্যালেক্স ক্যাম্পোস অন্যতম। এর আগে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ক্যাম্পোস। তবে রিয়ালের বিপক্ষে তার স্কোয়াডে থাকা নির্ভর করছে ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দের ফিটনেসের ওপর। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সবকিছু ঠিকঠাক থাকলে এল ক্ল্যাসিকোর স্কোয়াডে নাম লেখাতে পারেন তরুণ ওরিয়ান গোরেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ না মিললেও ১৭ বছর বয়সে এল ক্ল্যাসিকোর মূল দলে ডাক পাওয়া তার ফুটবল ক্যারিয়ারের জন্য এক বিশাল মাইলফলক হতে চলেছে।





