নেইমার
নেস্তর একটা বদমাশ, সে মিথ্যা নাটক সাজিয়েছে

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র
ব্রাজিলিয়ান সেরি আয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর এবার বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের বিরুদ্ধে বর্ণবাদবিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ তুলেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে এ ক্যারিবীয় ও ব্রাজিলীয় তারকা বলেছেন, ‘নেস্তর যা করেছে তা অত্যন্ত মারাত্মক। বর্ণবাদবিরোধী আইনকে সে অনৈতিক সুবিধা পাওয়ার কাজে ব্যবহার করেছে!’
শনিবারের ম্যাচের প্রথমার্ধে ফাউলের পর নেস্তরের দিকে বল ছুড়ে মেরে প্রথম হলুদ কার্ড দেখেন সান্তোস অধিনায়ক। পরে প্রথমার্ধের খেলা শেষে বিরতিতে যাওয়ার সময় আবার মুখে হাত দিয়ে নেস্তরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। যার পরিপ্রেক্ষিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পর্যালোচনায় বর্ণবাদবিরোধী ‘ভিনি জুনিয়র আইন’ অনুযায়ী ম্যাচ রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ঘটনার ব্যাখ্যা দেন নেইমার। তিনি বলেছেন, ‘প্রথমত, সান্তোস সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে লাল কার্ড দেওয়া ঠিক ছিল এবং আমি নিজের ভুল স্বীকার করছি। কিন্তু আজ নেস্তর আমার সঙ্গে যা করেছে, তা অত্যন্ত মারাত্মক। আমরা একে অপরকে গালিগালাজ করছিলাম, যা ফুটবলের অংশ। কিন্তু আমি মুখে হাত দিয়ে কথা বলার পর সে এমন ভান করল, যেন আমি বর্ণবাদী কিছু বলেছি, যাতে সে খেলায় বাড়তি সুবিধা পায়।’ নেস্তরের ওপর ক্ষোভ প্রকাশ করে নেইমার আরও যোগ করেন, ‘বর্ণবাদের মতো গুরুতর বিষয়ের বিরুদ্ধে যে আইন তৈরি হয়েছে, একজন খেলোয়াড় কীভাবে তা নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে? এটা কল্পনাও করা যায় না। নেস্তর সাক্ষাৎকারে নীতিবাগীশের মতো কথা বলেছেন, কিন্তু সে নিজেই মাঠে অভিনয় করেছেন এবং মিথ্যা নাটক সাজিয়েছেন। সে যা করেছে তা কাপুরুষোচিত। আমি নিজের ভুলের শাস্তি মাথা পেতে নিচ্ছি, তবে একজন বোকা মানুষকে মিডিয়ায় আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুতপ্ত।’
এই লাল কার্ড ও এর আগের কার্ড সমস্যার কারণে আগামী বুধবারে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাস এবং পরবর্তী ম্যাচে ব্রাগান্তিনোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি মিস করবেন এ ব্রাজিলিয়ান মহাতারকা। আইনটির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেইমার সতর্ক করে বলেছেন, ‘যারা এ আইনটি তৈরি করেছেন, তাদের বলব সতর্ক থাকুন। কারণ এটি মাঠে অসততা এবং চালাকির সুযোগ তৈরি করে দিচ্ছে। নেস্তরের মতো বদমাশদের জন্যই আইনের এ অপব্যবহার হচ্ছে।’






