২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো!

৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা জানালেন রোনালদো। ছবি: সংগৃহীত
৩৫ পেরোলে 'বুড়ো', ৪০ পেরোলে তো 'অচল', ফুটবলারদের ক্ষেত্রে বলা হয় এমনটাই। তবে তিনি তো আর অন্য দশজন ফুটবলারের মতো নন! ক্রিস্তিয়ানো রোনালদো তাই হেসেখেলেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪১ বছর বয়সেও।
এবারের বিশ্বকাপেও পর্তুগালের জার্সিতে দেখা যাবে সিআর সেভেনকে। রোনালদোর নজর অবশ্য আরও একধাপ এগিয়ে। পিয়ার্স মরগানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো আভাস দিলেন, ২০৩০ বিশ্বকাপেও খেলতে চান তিনি।
বয়স তার ৪১। এই বয়সেও জাতীয় দল ও আল নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন রোনালদো, ছুটছেন হাজারতম গোলের অনন্য রেকর্ডের দিকে। এবারের বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে দারুণ পারফর্ম করেছেন রোনালদো। ক্লাবের হয়ে শিরোপা না পেলেও ব্যক্তিগত সাফল্য প্রতিনিয়তই পাচ্ছেন তিনি।
২০২২ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন রোনালদো। অনেকেই ধারণা করেছিলেন, শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চ ছেড়ে বেড়িয়ে গেলেন তিনি। তবে সিআর সেভেন সেখানেই বিশ্বকাপের ইতি টানেননি। এবার ফিফার ইতিহাসে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামবেন রোনালদো। এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ।
রোনালদো অবশ্য এখনই পর্তুগালের জার্সিতে নিজের শেষটা দেখতে রাজি নন, '২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছি না। ৪১ বছর বয়সে যদি আমি প্রতি সপ্তাহে গোল করতে পারি, তাহলে হয়তো আগামী চার বছরেও পারব।'
এই বিশ্বকাপে মাঠে নামার সময় রোনালদোর বয়স হবে ৪১ বছর ৪ মাস। বিশ্বকাপ ইতিহাস তার চেয়ে বেশি বয়সে মূল পর্বে খেলেছেন মাত্র তিনজন ফুটবলার। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে ৪২ বছর ৩৯ দিনে মাঠে নেমেছিলেন রজার মিলার। ২০১৪ বিশ্বকাপে ফারদ মরদাগন কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে খেলেছেন ৪৩ বছর ৩ দিন বয়সে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড মিশরের ইশাম আল হাদারির। ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর ১৬১ দিন বয়সে নেমে এই অনন্য কীর্তি করেছিলেন তিনি। ২০৩০ বিশ্বকাপে খেললেও অবশ্য হাদারির রেকর্ড ভাঙতে পারবেন না রোনালদো। তবে সুযোগ থাকবে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের মঞ্চে গোল করার মিলারে রেকর্ডটা নিজের করে নেওয়ার।
৪১ হোক আর ৪৫, একটা বয়সে তো ফুটবলকে বিদায় জানাতেই হবে। তখন কী করবেন রোনালদো? রোনালদো নিজেই জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা, 'খুব দ্রুতই হয়তো এই দিনটা আসবে। আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কাঁদব, আমি সহজেই কেঁদে ফেলি। এটা মেনে নেওয়া আমার জন্য খুব কষ্টের হবে। আমি নিজের ভবিষ্যৎটা ২৫-২৬ বছর বয়স থেকেই ভাবতে শুরু করেছি। আশা করছি সেই পথেই এগিয়ে যেতে পারব।'
ফিটনেস প্রযুক্তি প্রতিষ্ঠান হুপ এর শরীরবৃত্তীয় মূল্যায়নে দেখা গেছে, রোনালদোর ‘বায়োলজিক্যাল’ বয়স মাত্র ২৮ বছর নয় মাস অর্থাৎ তার প্রকৃত বয়স থেকে ১২ বছর ৪ মাস কম। এই তথ্য জানতে পেরে রোনালদো অবাক হন নিজেই , ‘এটা এত ভালো হবে বিশ্বাস হচ্ছে না। ২৮ বছর ৯ মাস!’ তিনি আরো জানিয়েছেন, ফুটবল খেলতে চান ৫০ বছর পর্যন্ত।

