নেশনস লিগ
৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

সংগৃহীত ছবি
পরিসংখ্যানটা শুনে খানিকটা অবাকই হতে হয়। ৬৪ বছর! এত দীর্ঘ সময়ে নিজেদের মাটিতে কখনোই ফ্রান্সকে হারাতে পারেনি ইতালি! অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল সান সিরোতে। মিলানে নেশনস লিগের ম্যাচে পিছিয়ে পড়েও পিও এসপোজিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আজ্জুরিরা। এই জয়ে জিনেদিন জিদানের দলকে টপকে গ্রুপের শীর্ষেও উঠে গেছে রবার্তো মানচিনির দল।
১০ মিনিটে গোলরক্ষক ডোনারুমার ভুলে ম্যাচের প্রথম গোল হজম করেন ইতালি। কিপারের ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি।
ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি। কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড এসপোজিতো। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ব্র্যাডলি বারকোলার শট লাগে পোস্টে।
৬০ মিনিটে কাম্বিয়াঘিকে ফাউল করেন গুস্তো। ইতালি পেনাল্টি পায়, কিন্তু পিও এসপোজিতোর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো সেটি মিস করেন। তবে আক্ষেপ বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। বদলি নামা ফেদেরিকো দিমার্কো পেনাল্টি এলাকায় নিচু ক্রস পাঠান। কাছ থেকে বল জালে পাঠান ডেভিড ফ্রাত্তেসি।
৭৪ মিনিটে আবারও পেনাল্টি পায় ইতালি। আন্তোনিও ভের্গারাকে বক্সের ভেতর ফেলে দেন দায়ো উপামেকানো। এবার স্পটকিকের দায়িত্ব নেন পিও । মাইক মাইনিয়ঁ ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, তবু লাভ হয়নি। নিচু শটে ডান পাশের কোনা দিয়ে বল জালে জড়িয়ে যায়।
৬৪ বছর পর ঘরের মাটিতে ফ্রান্সকে হারানোর আনন্দে মাঠ ছাড়ে ইতালি। নেশনস লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষেও উঠে গেছে ইতালি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে নেমে গেছে ফ্রান্স। একই দিন তুরস্ককে ২-১ গোলে হারানো বেলজিয়াম ৯ পয়েন্ট নিয়ে তিনে।
রাতের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ইংল্যান্ড। রেকর্ড ১২৬তম ম্যাচে মাঠে নেমে গোল করেছেন হ্যারি কেইন। গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা ৫ম জয় পেয়েছে স্পেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি স্পেনের টানা ১২তম জয়। সর্বশেষ বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই জয়ের ধারার পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ডও বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ম্যাচে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে স্পেনের পয়েন্ট এখন ১৫। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষে তারা। একই সময়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। চার জয়ে তাদের পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া। চেক এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।



