টানা হোঁচট খেয়েও নির্ভার পিএসজি কোচ

সংগৃহীত ছবি
ফ্রেঞ্চ লিগে কত কয়েক মৌসুম ধরে অজেয় তারা। পিএসজির ধারেকাছে যেন কেউ আসতে পারে না। তবে সেই পিএসজির এই মৌসুমটা শুরু হয়েছে বাজে ভাবে। টানা দুই ড্রয়ের পর তৃতীয় ম্যাচে হেরেই বসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়ার পরেও অবশ্য খুব একটা চিন্তিত নন কোচ লুইস এনরিকে।
এক যুগের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরু পেয়েছে পিএসজি। প্রথম দুই ম্যাচে হারতে হারতে ড্র করেছিল তারা। এবার এএস মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেল এনরিকের দল। ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার লিগের প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখল না পিএসজি।
এমন শুরুর পরও দুশ্চিন্তায় পড়েননি এনরিকে, ‘মাঠে যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের মাত্রই শুরু। এখনও আমরা আমাদের সেরা ফর্মে নেই, কিন্তু এই ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল। কখনও কখনও এটা খুব বাজে। তবে ম্যাচে অনেক ইতিবাচক দিকও দেখেছি। প্রত্যাশিত গোলের হিসাব আমাদের পক্ষেই আছে।‘
মোনাকোর কাছে হারটা অবশ্য বেশ অপ্রত্যাশিত ছিল বলে স্বীকার করছেন এনরিকে, ‘এই পরাজয় আমি কিভাবে ব্যাখ্যা করব? ফুটবল কখনও কখনও এরকমই ব্যাখ্যাতীত। ছেলেদের মানসিকতার দিকটি তুলে ধরতে চাই আমি। এবারের লিগ দারুণ রোমাঞ্চকর হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের।‘
ডিফেন্ডার লুকাস মানছেন, কিছু পরিবর্তনের কারণে দলে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে, ‘এমন ফলাফল আমাদের জন্য বেশ বিরল। কিন্তু এসব ফুটবলেরই একটা অংশ। কিছুটা সমন্বয়ের অভাব ছিল হয়তো। আমার মনে হয় আমরা সবাই সঠিক পথেই আছি।‘





