প্রিমিয়ার লিগ
টটেনহামকে থামাল লিডস

ছবি: রয়টার্স
টানা তিন ম্যাচ জিতেছিল টটেনহাম। আজ প্রিমিয়ার লিগে তাদের জয়রথ থামাল লিডস ইউনাইটেড। ৭৯ মিনিটে নোয়া ওকাফোরের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে লিডস। তাতে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার খরাও ঘুচিয়েছে লিডস।
ম্যাচে টটেনহামের মাটিউস ফের্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টির জোরালো আবেদনের পরও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করেনি তাতে। প্রিমিয়ার লিগের ম্যাচ সেন্টার এক্স (সাবেক টুইটার)-এ জানায়, দূরপাল্লার একটি ক্রস স্পার্স মিডফিল্ডারের কাঁধে লেগেছিল—যা তাদের নির্ধারিত ‘গ্রিন জোন’-এর অন্তর্ভুক্ত।
এছাড়া, জয়ডেন বোগলের আগ্রাসী ফাউলে ম্যাথিস তেলেকে মাঠ ছাড়তে হলেও ভিএআর হস্তক্ষেপ করেনি তাতে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৯ মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৯৩ সেকেন্ডে ডি বক্সের ভেতর জটলার মধ্যে থেকে বল জালে জড়িয়ে দেন ওকাফোর। এতেই এল্যান্ড রোডে ফিরে আসে উৎসবের আমেজ।
টটেনহাম সর্বশেষ তিন ম্যাচ জিতেছিল মূলত সেট পিস আর দূরপাল্লার শটে। কভেন্ট্রি সিটির বিপক্ষে তাদের তিনটি গোলই হয়েছিল পেনাল্টি বক্সের বাইরে থেকে করা শট থেকে। চেলসির বিপক্ষে জয়টি এসেছিল মাইক পেন্ডার্সের নিজেদের জালে বল জড়ানো এবং ম্যাথিস তেলের একক নৈপুণ্যে করা গোল থেকে। আর গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় এসেছিল দুটি কর্নার কিকের সুবাদে।
লিডসের বিপক্ষে ম্যাচে সেই সৃষ্টিশীলতার অভাব স্পষ্ট ছিল। ম্যাচটিতে স্পার্সরা মাত্র ৫টি শট নিতে পারে, বিপরীতে লিডস নেয় ১৬টি শট। এরই সুফল পেয়েছে লিডস। এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিডস এখন ৮ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া টটেনহাম পিছিয়ে এখন ১০ নম্বরে।




