হলান্ডের গোল নিয়ে বিতর্কে বিরক্ত মারেস্কা

সংগৃহীত ছবি
আরলিং হলান্ডের একমাত্র গোলেই মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছিল সিটি। তবে হলান্ডের সেই গোল নিয়ে কম বিতর্ক হয়নি। সেটা এখনো থামেনি। ম্যানচেস্টার সিটি কোচ এনজো মারেস্কা বেশ বিরক্তি নিয়ে জানিয়েছেন, হলান্ডের গোল নিয়ে এত বিতর্কের কিছুই দেখছেন না তিনি।
হলান্ডের গোল নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। সতীর্থ এনজো ফের্নান্দেস অফসাইড অবস্থানে থেকে বলের দিকে এগিয়ে যাওয়ায় সেখানে তার হস্তক্ষেপ হয়েছিল কি না, সেটিই ছিল প্রশ্ন।
পরে রেফারিং সংস্থা প্রো রেফ স্বীকারও করে, গোলটি বৈধ ঘোষণা করা ছিল ‘বিচারের ভুল’। এরপর নতুন করে প্রশ্নের মুখে পড়ে ভিএআর ও দায়িত্বে থাকা কর্মকর্তারা।
তবে ভিএআর কর্মকর্তাদের প্রতি কিছুটা সহানুভূতিই দেখিয়েছেন মারেস্কা, ‘ভিএআর রুমে থাকা লোকজনের জন্য বিষয়টি সহজ নয়। ১০-২০ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কঠিন। কখনো তারা ভুল করে। আমি ভুল করি, খেলোয়াড়রাও ভুল করে। এটা আমাদের কাজেরই অংশ।’
মারেস্কা বলছেন, ভুল হয়েছে, এটা স্বীকার করাই যথেষ্ট। তিনি বলেন, ‘তিন বছর আগে আমি এখানে থাকতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঠিক একই ঘটনা ঘটেছিল। গোলটি নিয়মের মধ্যে ছিল না এবং কেউ ক্ষমাও চায়নি। আমরা এখনো সেই ক্ষমার অপেক্ষায় আছি।’
তবে শেষ পর্যন্ত বিষয়টিকে ফুটবলেরই অংশ হিসেবে দেখছেন মারেস্কা, ‘কখনো সিদ্ধান্ত আপনার পক্ষে যায়, কখনো বিপক্ষে। এটাই ফুটবল।’



