খেলা পেছানোর ক্লাবের দাবি নাকচ

ছবি: বাফুফে
নিরবচ্ছিন্ন লিগের দাবিতে কয়েকটি ক্লাবের মৌসুম শুরুর তারিখ পেছনের দাবি ধোপে টিকেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পূর্ব ঘোষিত সূচি বহাল রেখে ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ ও ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপের খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার পেশাদার লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।
মোহামেডানের নেতৃত্বে কয়েকটি ক্লাব তিন দিন আগে বাফুফের কাছে চিঠি দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর সময় নিয়ে আপত্তি জানায়। যদিও এই দাবি নিয়ে প্রশ্ন আছে। শীর্ষ লিগে নবাগত সিটি ক্লাব দাবি করেন এ ধরনের কোনো দাবিনামায় তাদের কোনো কর্মকর্তার স্বাক্ষর করেননি। তারা স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগ তোলেন। এ নিয়ে পরবর্তীতে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও।
ক্লাবগুলোর চিঠির বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইমরুল হাসান, ‘আসলে ক্লাবগুলো আমাদের সভাপতি বরাবর চিঠি দিয়েছে, আমরা লিগ কমিটির তরফ থেকে আমাদের পর্যবেক্ষণ তৈরি করেছি, হয়ত আমরা সভাপতি সঙ্গে আগামীকাল বসব।’
পুরো দমে চলছে জাতীয় দলের ক্যাম্প। ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে জাতীয় দল। ঘরোয়া ফুটবল ও জাতীয় দলের সময়সূচি সাংঘার্ষিক হওয়ায় কয়েকটি ক্লাব মৌসুম পেছানোর দাবি জানায়। তবে নির্ধারিত তারিখ লিগ ও ফেডারেশন কাপ শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসেনি লিগ কমিটি। আশিয়ান কাপ চলাকালেও লিগের দুই রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। অতীতে অবশ্য জাতীয় দলের খেলার জন্য লিগে বিরতি ছিল নিয়মিত চিত্র। এবার কেন আগের নিয়ম বদলে যাচ্ছে জানাতে ইমরুল বলেন, ‘আমরা আসলে লিগ শুরু করার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। কখনো হয়নি বলে যে কখনোই হবে না, সেটা তো ঠিক না।’
জাতীয় দলের খেলোয়াড়দের অনুপস্থিতিতে বেশ কিছু ক্লাবের শক্তি খর্ব হবে। ১৯ সেপ্টেম্বর আসিয়ান কাপ খেলতে জাতীয় দলের ইন্দোনেশিয়া যাওয়ার কথা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা উইন্ডো। জাতীয় দলে মোহামেডানের খেলোয়াড় ৯ জন। বসুন্ধরা কিংস, আবাহনী ও ফর্টিস এফসিরও একাধিক খেলোয়াড় আছেন। মৌসুম পেছানোর চূড়ান্ত সিদ্ধান্তটা ইমরুল ছাড়ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ওপর— ‘ক্লাবগুলো তাদের দাবি-দাওয়া সভাপতির কাছে ব্যক্ত করেছে। সভাপতির কাছ থেকে শোনার পর সামগ্রিক অবস্থা বিবেচনা করে ক্লাবগুলোর সঙ্গে বসব আমরা।’
এদিকে আসছে মৌসুমে ফেডারেশন কাপের কোনো ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় হচ্ছে না। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল সেই মাঠে হওয়ায় প্রশ্ন উঠেছিল। লটারির মাধ্যমে ফাইনালের ভেন্যু নির্ধারিত হওয়ার পরও এ নিয়ে বিতর্ক হওয়ায় সেই পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। ইমরুল বলেন, ‘গত বছর বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল। ফেডারেশন কাপ ফাইনাল কেন কিংস এরেনাতে অনুষ্ঠিত হবে, যদিও সেটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছিল। এ সমস্ত বিতর্ক এড়াতেই আসলে কিংস অ্যারেনাতে খেলা রাখা হয়নি।’
ফেডারেশন কাপের কিছু ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে লিগ কমিটি।



