ফুটবল রূপকথা
যে গল্পের শুরু ৪৭ সেকেন্ডের লাল কার্ডে

বুদাপেস্টের সেই দুঃস্বপ্নের অভিষেক থেকে শুরু করে স্তাদিও মনুমেন্তালে রাজকীয় বিদায়—লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারটাই এক রূপকথা। দুই দশকেরও বেশি সময় ধরে আকাশী নীল জার্সিতে মাঠ মাতিয়েছেন এই ফুটবল জাদুকর। দলকে ৩৬ বছর পর এনে দিয়েছেন বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও খেলেছেন ফাইনাল। অথচ, এই রাজপুত্রের ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল লাল কার্ড দিয়ে!
২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন ১৮ বছর বয়সী মেসি। তবে সেই অভিষেকটি কোনো রূপকথার মতো ছিল না, বরং তা শুরু হয়েছিল এক মর্মান্তিক হতাশা দিয়ে। ম্যাচের ৬৩তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ৪৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছিল!
হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমোস ভানজাক মেসির জার্সি টেনে ধরে আটকাতে গেলে তিনি প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু জার্মান রেফারি মারকুস মের্ক সেটিকে ইচ্ছাকৃত কনুই দিয়ে আঘাত হিসেবে ধরে নিয়ে মেসিকে লাল কার্ড দেখান। কান্নায় ভেঙে পড়ে ড্রেসিংরুমের পথে হাঁটতে থাকা সেই কিশোরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনাতেই ঘটেছিল এমন চরম বিপর্যয়।
শুরুর সেই ধাক্কা অবশ্য মেসির অদম্য পথচলাকে থামিয়ে দিতে পারেনি। সময়ের সাথে সাথে তিনি আরও পরিণত হয়ে উঠেছেন। দীর্ঘ দুই দশকের যাত্রায় আলবিসেলেস্তাদের জার্সিতে তিনি গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সবকিছু জিতে ফেললেও বিশ্বকাপ জিততে পারছিলেন না। সমালোচকদের মুখে ছাই দিয়ে ২০২২ সালে সেই অপূর্ণতা ঘুচিয়ে দেন। ৬টি বিশ্বকাপে অংশ নিয়ে ৩৪টি ম্যাচ খেলে ২১টি গোল করেছেন।





