বিলবাওয়ের বিপক্ষে অভিষেক হচ্ছে রোদ্রির

সংগৃহীত ছবি
অনেক নাটকের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি। অবশেষে বার্সার জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই তারকা ফুটবলারের। লা লিগায় আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেই তাকে নামাবেন বলে জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক।
গত দুই মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে। এবার তাদের সামনে বিলবাও। আগামীকাল রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে রোদ্রির অভিষেকের কথা বললেন বার্সেলোনা কোচ ফ্লিক। অল্প কিছু সময়ের জন্য হলেও মাঠে দেখা যাবে গোল্ডেন বলজয়ী রোদ্রিকে, 'হ্যাঁ, আগামীকাল তাকে কিছুক্ষণ খেলানোর ভাবনা আছে। বের্নালকে যেভাবে খেলিয়েছি, সেভাবেই। তবে রোদ্রির অভিজ্ঞতা অনেক বেশি। সে দলকে নেতৃত্ব দিতে পারে।। পেদ্রির সঙ্গে মিলে সে আমাদের খেলা, বল ও প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।'
রোদ্রি-পেদ্রি জুটির খেলা দেখতে মুখিয়ে আছেন ফ্লিক, 'এলচের বিপক্ষে বিশেষ করে প্রথমার্ধে আমরা খুব দ্রুত বল হারিয়েছি। এরপর পেদ্রির নামাটা কাজে দিয়েছে। তখন আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল এবং বলও দখলে ছিল। এটাই আমাদের দরকার। সবাই জানে রোদ্রি সেরাদের একজন এবং তার ও পেদ্রির একসঙ্গে বার্সায় খেলতে দেখাটা আমরা উপভোগ করব।'






