মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তির মুখে রিয়াল মাদ্রিদ ফুটবলার

সংগৃহীত ছবি
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার রাউল আসেনসিও। স্পেনের গ্রান ক্যানারিয়ার হাইকোর্টের প্রেস অফিসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় গ্রান ক্যানারিয়ায় পুলিশের একটি মদ্যপান পরীক্ষা চেকপয়েন্টে থামানো হয় আসেনসিওর গাড়ি। সে সময় একটি পোর্শে ম্যাকান চালাচ্ছিলেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
ব্রেথলাইজার পরীক্ষায় প্রথমবার আসেনসিওর শরীরে প্রতি লিটারে ০.৯০ মিলিগ্রাম এবং দ্বিতীয় পরীক্ষায় ০.৮৮ মিলিগ্রাম অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। যা দেশটির নির্ধারিত আইনি সীমার প্রায় চার গুণ।
সংক্ষিপ্ত বিচারে নিজের অপরাধ স্বীকার করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। আদালত তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছে। আগামী চার মাস প্রতিদিন ১২০ ইউরো করে তাকে এই অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি আট মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ঘটনার বিষয়ে অবগত থাকলেও রিয়াল মাদ্রিদ এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ক্লাব সূত্র জানিয়েছে, নিজেদের অভ্যন্তরীণ শৃঙ্খলাবিধি অনুযায়ী আসেনসিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মে মাসে একটি পৃথক মামলাতেও অভিযুক্ত হয়েছিলেন আসেনসিও। সেখানে এক নারী ও এক অপ্রাপ্তবয়স্কের স্পষ্ট যৌন ছবি ধারণ এবং সম্মতি ছাড়া তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তবে অভিযোগপত্র অনুযায়ী, আসেনসিওর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ কেবল ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে সম্পর্কিত। তদন্তে ভিডিও ধারণের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।





