এএফসি চ্যালেঞ্জ লিগ
বড় স্বপ্ন নিয়ে কুয়েত যাবে ফর্টিস

ছবি: আগামীর সময়
ঘরের মাঠে মুরাস ইউনাইটেড এফসিকে হারিয়ে যে আত্মবিশ্বাস মিলেছিল, সেটা সঙ্গী করে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে মঙ্গলবার কুয়েত যাচ্ছে ফর্টিস ফুটবল ক্লাব। ১৭ অক্টোবর কুয়েতে শুরু হবে গ্রুপ পর্ব। যেখানে স্বাগতিক আল কাদসিয়া, তাজিকিস্তানের রেগার তাদাজ ও ভারতের এফসি গোয়ার সঙ্গে লড়াইয়ে মাসুদ পারভেজ কায়সারের শীষ্যরা। সি গ্রুপ থেকে দুটি দলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।
১৭ অক্টোবর ফর্টিসের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক আল কাদসিয়া। ২০ অক্টোবর তারা খেলবে এফসি গোয়ার সঙ্গে। আর ২৩ অক্টোবর শেষ ম্যাচে রেগার তাদাজের মোকাবেলা করতে হবে। আসরের পশ্চিম অঞ্চলের তিন গ্রুপের সেরা তিন দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। একটি সেরা রানার্স-আপ দলের সুযোগ থাকবে সেরা আটে খেলার। ফর্টিসের কোচ, খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনালের বড় লক্ষ্য নিয়ে দেশ ছাড়ার কথা বললেন রবিবার।
সংবাদ সম্মেলনে কোচ মাসুদ পারভেজ কায়সার, অধিনায়ক ও আক্রমণভাগের সবচেয়ে কার্যকরী প্লে-মেকার পা ওমর বাবু ও অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেন। গত শুক্রবার লিগের ম্যাচে ফর্টিস ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল। সে ম্যাচে দলের আক্রমণভাগের চারজন গোলের দেখা পেয়েছেন। লিগের প্রতিপক্ষদের সঙ্গে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষদের কোনো সুযোগ নেই। তারপরও বড় জয়ে কিছুটা অনুপ্রাণিত হয়েই ফর্টিস কুয়েত যাচ্ছে।
ক্লাবটির জন্য এই পর্যায়ে খেলা অনেকটাই অপ্রত্যাশিত ছিল মৌসুম শুরুর আগে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ রানার্স-আপ আবাহনী এএফসি’র আসরে খেলার জন্য ক্লাব লাইসেন্সিং ঠিকঠাক করেনি বলেই ফর্টিসের সুযোগ আসে কোয়ালিফায়িং প্লে-অফে খেলার। কিরগিজ জায়ান্ট মুরাস ইউনাইটেডকে গত আগস্টে বসুন্ধরা কিংস অ্যারেনায় অতিথি খেলোয়াড় ইব্রাহিমের একমাত্র গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নেয় ফর্টিস। সেই পারফরম্যান্সের পর ক্লাবটি আবাহনীর ইব্রাহিমকে নিজেদের করে নেয়। গ্রুপ পর্বে সুযোগের পর থেকে বসে থাকেনি ক্লাবটি। কায়সারের অধীনে চলেছে অনুশীলন। এর মাঝেই লিগ ও ফেডারেশন কাপের চারটি ম্যাচ খেলেছে তারা। জাতীয় দলের সঙ্গেও একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। সব মিলিয়ে কোচের দাবি সেরা প্রস্তুতি নিয়েই কুয়েত যাচ্ছে ফর্টিস, ‘মুরাসের বিপক্ষে জয় এখন আমাদের কাছে ইতিহাস। আমি ছেলেদের বলেছি, গ্রুপ পর্ব থেকে কিছু অর্জণ করতে হলে আমাদের আরও ভালো খেলতে হবে। আমরা কুয়েতে কেবল ফর্টিস নয়, দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেরা। আমার ছেলেরা ভালো ফুটবল খেলার জন্য প্রস্তুত।’
লিগ চলমান থাকায় অন্য ক্লাব থেকে ধারে এবার কোনো ফুটবলার নিতে পারেনি ফর্টিস। এটাকে বড় সমস্যা মানতে নারাজ কোচ, বরং নিজেদের শক্তি নিয়েই বড় মঞ্চে ইতিহাস গড়ার কথা বলেছেন তিনি। কোচের সুরে সুর মিলিয়ে গাম্বিয়ান প্লে-মেকার পা ওমর বাবুও দিয়েছেন ভালো কিছুর প্রতিশ্রুতি, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমরা সেখানে (কুয়েতে) কেবল শুধুই অংশ নিতে বা ছুটি কাটাতে যাচ্ছি না। আমরা কুয়েত কেবল ফটিস ফুটবল ক্লাবের হয়ে নয়, আমাদের পুরো দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তাই পরের রাউন্ডে যাওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব। ফর্টিসের নামকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বাংলাদেশ ফুটবলকে পরবর্তী ধাপে পৌঁছে দিতে চাই। কারণ বাংলাদেশ ফুটবল আরও উপরের ধাপে থাকার যোগ্য।’
এখন আর অতিথি নন ইব্রাহিম। ফর্টিসের জার্সিতে এ মৌসুমে নিয়মিত আলো ছড়ানো এই ফরোয়ার্ড কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে ভালো কিছু অর্জনের কথা বলেছেন, ‘আমাদের লক্ষ্য পরের রাউন্ডে যাওয়া। শেষ এক মাস ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। লিগেও তিনটা ম্যাচ খেলছি, সর্বশেষ ম্যাচটা ছয় গোলের জিতেছি। এই জয় আমাদের এএফসি’র আসরে সহায়ক হবে। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য দলকে পরের ধাপে নিয়ে যেতে গোল করা এবং করানোর চেষ্টা করা।’
সংবাদ সম্মেলনের ঠিক পরেই দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ফর্টিস গ্রুপের প্রধান শাহাদাত হোসেন। খেলোয়াড়দের সুশৃঙ্খল থেকে নিজেদের সেরাটা দেওয়ার অনুরোধ করেন তিনি। একই সঙ্গে দল ও খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কারেরও ঘোষণা দেন তিনি।



