এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

মেজর লিগ সকারে (এমএলএস) ১৭ বছর বয়সেই আলো ছড়িয়ে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি। শুধু পুরস্কার জয়ই নয়, এই স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার ইতিহাসও গড়েছেন।
২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে সেরা তরুণকে এই সম্মাননা দেওয়া হয়। ভোটাভুটিতে নিউইয়র্ক রেড বুলের জুলিয়ান হল দ্বিতীয় এবং আদ্রি মেহমেতি তৃতীয় হয়েছেন। এমএলএসের খেলোয়াড়, ক্লাবের কারিগরি স্টাফ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে চূড়ান্ত করা হয় বিজয়ীর নাম।
এমএলএসে পূর্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম মৌসুমে ২৮ ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন সুলিভান। টানা ১০ ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে এমএলএস ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ডও নিজের করে নিয়েছেন।
ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলে ডাক পান সুলিভান। জাতীয় দলের হয়ে শুরুর একাদশে মাঠে নেমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবেও নাম লেখান। মধ্যে সুলিভানের এই উত্থান ও আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের জায়গা হয়ে উঠেছে।




