বিশ্বকাপ ফাইনাল
মেসির আচরণ নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তির সমালোচনা

সংগৃহীত ছবি
জয়-পরাজয় ফুটবলেরই অংশ। তবে জয়ের অভ্যাস যার দীর্ঘদিনের,তার কাছে হার মেনে নেওয়া কখনো কখনো কঠিন হয়ে ওঠে। লিওনেল মেসির ক্ষেত্রেও তেমন কিছু দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি হোর্হে ভালদানো। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির একটি আচরণকে ভালোভাবে নেননি তিনি। তার মতে, সেটি ছিল প্রতিপক্ষের সঙ্গে পেরে না ওঠার হতাশা থেকে জন্ম নেওয়া একটি প্রতিক্রিয়া।
গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের একটি পর্যায়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে নিয়ে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে অভিযোগ করেছিলেন মেসি। কুকুরেয়া মুখের সামনে হাত তুলে কিছু বলেছিলেন। সেটিকে কেন্দ্র করে তাকে শাস্তি দেওয়ার দাবি জানান আর্জেন্টাইন অধিনায়ক।
ঘটনাটি ঘটেছিল এনসো ফের্নান্দেসের লাল কার্ড দেখার পর। তখন একজন কম নিয়ে খেলছিল আর্জেন্টিনা। ফলে প্রতিপক্ষের আরেকজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সুযোগ খুঁজছিলেন মেসি—এমন ব্যাখ্যাই দিয়েছেন ভালদানো।
বিশ্বকাপের আগে ফুটবলে নতুন একটি নিয়ম যুক্ত হয়েছিল। প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে খেলোয়াড়কে শাস্তি দিতে পারেন রেফারি। জিয়ানলুকা প্রেতসিয়ান্নি- ভিনিসিয়ুস জুনিয়র ঘটনার পর চালু হওয়া এই নিয়মে বিশ্বকাপে প্রথম শাস্তি পান প্যারাগুয়ের মিগেল আলমিরন। তবে কুকুরেয়ার ঘটনাটি তেমন ছিল না। তার আচরণে নিয়ম ভাঙার মতো কিছু দেখেননি অনেকেই।
মেসির ওই অভিযোগকে হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখেছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের সদস্য ভালদানো। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা ছিল হতাশার অঙ্গভঙ্গি। এমন এক ফাইনালে নিজেদের হীনম্মন্যতার স্বীকারোক্তি, যেখানে দুই দলের ব্যবধান আমাদের পরিচিত চিত্রের চেয়ে অনেক বেশি ছিল।’
শুধু মেসির আচরণ নয়, ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্সের পেছনেও কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন ভালদানো। তার মতে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ধকল কাটিয়ে ওঠার পর্যাপ্ত সময় পায়নি আর্জেন্টিনা। স্পেনের চেয়ে একদিন পরে সেমিফাইনাল খেলতে হয়েছে তাদের। এর আগে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় খেলতে হয়েছিল। অন্যদিকে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে হয়েছিল দলটিকে।
সব মিলিয়ে ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের শারীরিক ও মানসিক শক্তির ঘাটতি ছিল বলে মনে করেন ভালদানো, ‘ওদের পায়ে সেই শক্তি ও উদ্যম ছিল না যা তারা পুরো টুর্নামেন্টে দেখিয়েছে। অন্যদিকে স্পেন সব দিক থেকেই দুর্দান্ত খেলেছে। কৌশলগত ও নৈতিক—দুই দিক থেকেই। স্পেন কোনো ফাঁদে পা দেয়নি।’
নিউয়েলস ওল্ড বয়েজে মেসির মতোই খেলেছেন ভালদানো। পরে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার এই মন্তব্য তাই মেসিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিতে পারে। তবে ভালদানোর বক্তব্যের মূল সুর একটাই—ফাইনালে আর্জেন্টিনা শুধু শক্তির লড়াইয়েই পিছিয়ে ছিল না সঙ্গে স্পেনের শ্রেষ্ঠত্বও মেনে নিতে পারেনি।



