বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ইতিহাস গড়লেন নয়ার

সংগৃহীত ছবি
বয়স যে কেবলই একটি সংখ্যা তা যেন আবারও প্রমাণ করলেন ম্যানুয়েল নয়ার। ৪০ বছর ২২৫ দিন বয়সে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় মাঠে নেমে নতুন রেকর্ড গড়েছেন জার্মান গোলরক্ষক। ক্লাবটির হয়ে লিগে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার এখন তিনি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বের্ন্ড ড্রেহার। ৪০ বছর ১৯৮ দিন বয়সে বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় খেলেছিলেন তিনি। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত (মাঝে বিরতি ছিল) বায়ার্নে কাটিয়েছেন ড্রেহার। তবে দ্বিতীয় বা তৃতীয় পছন্দের গোলরক্ষক হওয়ায় ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মাত্র ১৫টি।
মাইনৎসের বিপক্ষে মাঠে নেমে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন নয়ার। তার ওপরে আছেন মিরকো ভোতাভা, এদিন জেকো, ক্লদিও পিসারো, টনি শুমাখার, উলি স্টাইন ও ক্লাউস ফিশটেল। এই তালিকার শীর্ষে থাকা ফিশটেল ১৯৮৮ সালে ৪৩ বছর ১৮৪ দিন বয়সে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন।
মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে নয়ারের চুক্তির মেয়াদ শেষ হবে। ধারণা করা হচ্ছে তখনই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তবে বুন্দেসলিগার শেষ ম্যাচে মাঠে নামলে লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসতে পারেন নয়ার। তবে তার ঠিক ওপরে থাকা এদিন জেকো তখনও খেলা চালিয়ে গেলে এই অবস্থান পাওয়া কঠিন হতে পারে।
সাম্প্রতিক বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন নয়ার। সর্বশেষ পায়ের চোটের কারণে বায়ার্নের তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই গোলরক্ষক।
গত বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো জার্মানি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নয়ার।



