ফুলহামের জার্সিতে খেললেন বাংলাদেশি ফারহান

সংগৃহীত ছবি
একমাত্র বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন হামজা চৌধুরী। এবার আরেক বাংলাদেশি ফারহান আলী ওয়াহিদ খেললেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গতকাল নরউইচ সিটির বিপক্ষে খেলেছেন তিনি। ম্যাচটা অবশ্য ফুলহাম হেরেছে ২-০ গোলে।
বিরতির পর ৪৬ মিনিটে উইঙ্গার কেভিনের বদলি হিসেবে মাঠে নামেন ১৮ বছর বয়সী ফারহান। তার একটি দূরপাল্লার বাঁকানো শট রুখে দেন নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ। দারুণ পারফরম্যান্সে কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখতেই পারেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে আরও চারটি প্রীতি ম্যাচ রয়েছে ফুলহামের। সেখানে নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ ফারহানের সামনে।
চেলসি একাডেমি থেকে ১২ বছর বয়সে ফুলহামে যোগ দিয়েছিলেন ফারহান। তাদের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। এছাড়া প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেও গোল করার কৃতিত্ব আছে তার। ২০২৫ সালের নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ টুয়ের মাস সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। অসাধারণ গতি, ড্রিবলিং দক্ষতা ও গোল করার ক্ষমতার জন্য তাকে ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফারহানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইউরোপের শীর্ষ লিগের অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়ের বাংলাদেশ জাতীয় দলে খেলার সম্ভাবনা রোমাঞ্চকর ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম ফারহানের বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়ে আগামীর সময়কে বলেছেন,‘ফারহান আমাদের অফিসিয়ালি জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এরপর থেকে আমরা তাকে পাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করি। দুই সপ্তাহ আগে ফারহানের জন্মনিবন্ধন হয়ে গেছে। সে এখন অফিসিয়ালি বাংলাদেশের নাগরিক। দ্রুতই পাসপোর্টের জন্য তার বায়োমেট্রিকও হবে। আশা করছি হামজার পর ইংলিশ বংশোদ্ভুত আরেক বাংলাদেশিকে পেতে যাচ্ছি আমরা।’
হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে জিতেছিলেন এফএ কাপ। প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটির নেতৃত্বও দিয়েছেন হামজা। এমন ক্লাব থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ায় প্রবাসীদের মধ্যে লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ বেড়েছে বহুগুন। কানাডা থেকে যোগ দিয়েছেন শমিত সোমও। এবার ফারহান আলীর মত প্রতিভাবান তরুণকে পেলে সমৃদ্ধই হবে বাংলাদেশের ফুটবল।




