বার্সার গোল উৎসব, পয়েন্ট হারাল ম্যান ইউ

ম্যান ইউ’র জালে শেষ মুহূর্তে গোল করেছেন এইনসলে। ছবি: সংগৃহীত
ভ্যালেন্সিয়ার মাঠে গোল উৎসবই করল বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল জিতেছে ৫-০ গোলে। লা লিগায় এ নিয়ে ৪ ম্যাচে ৪ জয় পেল তারা। লামিন ইয়ামাল করেছেন জোড়া গোল।
একটি করে গোল ফেরমিন লোপেস, রাফিনিয়া ও পেদ্রির। এ নিয়ে বার্সার জার্সিতে টানা ৪ ম্যাচে গোল করলেন রাফিনিয়া।
এইনসলে মাইটল্যান্ড-নাইলস, এভারটনের হয়ে প্রথমবার খেলতে নেমেছেন। প্রথম ম্যাচটাই নিজের জন্য স্মরণীয় করে রাখলেন। তার করা ইনজুরি সময়ের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এভারটন।
অথচ ৮৮ মিনিটে বেঞ্জামিন সেসকোর ৮৮ মিনিটে হেড থেকে করা গোলে নিশ্চিত জয় দেখছিল রেড ডেভিলসরা। ম্যাচ নাটকীয় মোড় নেয় শেষ ১০ মিনিটেই। ৪৬ মিনিটে ব্রায়ান মুবুয়েমবোর গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় ম্যান ইউ। সেই গোল শোধ দিতে ম্যাচের শেষ ১০ মিনিট পর্যন্ত লড়তে হয়েছে স্বাগতিক এভারটনকে। ৮৩ মিনিটে টেরিক জর্জের গোল এভারটনকে পয়েন্টের আশা দেখায়। ৫ মিনিটের ব্যবধানে সেই আশা ফিকে হওয়ার শঙ্কা জাগে টফিসদের।
সেই শঙ্কা ইনজুরি সময়ের একেবারে শেষ মিনিটে উড়িয়ে দেন এইনসলে। এর আগে আর্সেনালে খেলা এই ইংলিশ মিডফিল্ডার গত মৌসুমে খেলেছিলেন ফ্রান্সের লিঁও’তে। প্রিমিয়ার লিগে নতুন ফেরা গোলে রাঙিয়ে রাখলেন তিনি।
এই ড্রয়ে আবারও গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল ম্যান ইউ। গত ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ায় তালিকায় বেশ ওপরেই উঠেছিল তারা। কিন্তু রোববারের ড্র তাদের আবারও দশের বাইরে ঠেলে দিয়েছে। তিন ম্যাচ শেষে একটি করে জয়, হার ও ড্র নিয়ে ৪ পয়েন্ট পাওয়া ম্যান ইউ এগারোতম। তিন ম্যাচে দুই ড্র ও ১ জয়ে ৫ পয়েন্ট পাওয়া এভারটন আট নম্বরে।





