আবারও গোল রোনালদোর, হুমকিতে ম্যাচ শুরু ১ ঘণ্টা পর

সংগৃহীত ছবি
পর্তুগাল জাতীয় দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসার বিতর্ক ভুলে ক্লাবের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন এই কিংবদন্তি। সৌদি প্রো লিগে গত সপ্তাহে গোলের পর সোমবার লক্ষ্যভেদ করলেন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট ম্যাচেও।
নেফচির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে ১ গোল করেছেন রোনালদো। অফিসিয়াল ম্যাচে তার গোল এখন ৯৮১টি। ১০০০ গোলের জন্য বল জালে জড়াতে হবে আর ১৭বার।
রোনালদোদের ম্যাচটা অবশ্য বাতিল হওয়ার শঙ্কাতেও পড়েছিল। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর রিয়াদ শহর জুড়ে ঘটছিল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। খেলা শুরুর মাত্র ১৫ মিনিট আগে সৌদি সিভিল সিকিউরিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ‘সম্ভাব্য হুমকি’ নিয়ে সতর্কতা জারি করে। এক ঘণ্টা অনিশ্চয়তার পর অবশেষে শুরু হয় ম্যাচ।
ম্যাচের শুরুতেই চোট পান কিংসলে কোমান। ফরাসি এই খেলোয়াড়ের পেশীতে টান পড়লে তাকে তুলে নেন কোচ। ৩৩ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
সাদিও মানের বাড়ানো ক্রস বুক দিয়ে রিসিভ করেন আইমান ইয়াহিয়া। তার পাসে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক ভলিতে বল জালে জড়ান রোনালদো।
৫১ মিনিটে ওদিলভ বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে ফেরান এক গোল। তবে ৬৫ মিনিটে ইসকান্দারেভ লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় নেফচি। ৭৮ মিনিটে আনভারজানের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।



