মোজার টেপের ভুলে ফ্রান্সকে ১০ হাজার ইউরো জরিমানা

সংগৃহীত ছবি
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শুরু করতে দেরি হওয়ায় ফ্রান্স ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। গত ২৮ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ফ্রান্সের খেলোয়াড়দের মোজায় ভুল রঙের টেপ ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে ১-০ গোলে জিতেছিল ফ্রান্স। তবে খেলোয়াড়দের মোজায় ব্যবহৃত টেপের রং নিয়ে আপত্তি জানায় ম্যাচ কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি ফরাসি খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে টেপ পরিবর্তন করতে হওয়ায় পিছিয়ে যায় ম্যাচ শুরুর সময়।
উয়েফা এই ঘটনাকে নেশনস লিগের নিয়মের ৬.০৭ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে দেখেছে। এই নিয়ম অনুযায়ী, ম্যাচের সরঞ্জামসংক্রান্ত সব তথ্য নির্ধারিত সময়ের মধ্যে উয়েফার কাছে জমা দিতে হয় জাতীয় ফুটবল ফেডারেশনগুলোকে।
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের প্রথম ক্যাম্পেও এমন সাংগঠনিক ভুলের ঘটনা এবারই প্রথম নয়। তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে জাতীয় সংগীতের সময় নির্ধারিত স্থানে উপস্থিত হতে দেরি করেছিলেন জিদান। ম্যাচ শেষে তিনি জানান, প্রটোকল যে এত দ্রুত শেষ হবে তা তার জানা ছিল না। এ ছাড়া ম্যাচের আগে দলের পতাকা ফেলে আসার ঘটনাও ঘটে। পরে দলের কয়েকজন সদস্যকে দ্রুত ড্রেসিংরুমে গিয়ে সেটি নিয়ে আসতে হয়।
লেকিপ জানিয়েছে, প্রথম ক্যাম্প শেষে গত ৬ অক্টোবর এক মূল্যায়ন সভায় এসব ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল স্টাফরা। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয় সবাইকে।
এদিকে নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেরা ক্লেয়ারফন্তেইনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রথমে ইতালির মাঠে খেলবে ফ্রান্স এরপর বোর্দোয় তুরস্কের মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের যেকোনো একটিতে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ফরাসিদের।



