ব্যালন ডি'অর
ইয়ামালকে সমর্থন দিয়ে ক্ষমা চাইলেন এস্পানিওল কর্মকর্তা

প্রবল প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার হিসেবে সমর্থন জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এস্পানিওলের স্পোর্টিং ডিরেক্টর মনচি। ক্ষুব্ধ সমর্থকদের রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এই অভিজ্ঞ ক্লাব কর্মকর্তা।
কাতালান ফুটবলে এস্পানিওল ও বার্সেলোনার মধ্যকার স্থানীয় দ্বৈরথ বরাবরই অত্যন্ত উত্তেজনাকর। এমন এক পটভূমিতে নিজ ক্লাবের গোঁড়া সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন মনচি। বার্সেলোনার কোনো তারকাকে প্রকাশ্যে সমর্থন দেওয়া এস্পানিওল সংস্কৃতিতে কঠোরভাবে নিষিদ্ধের সমতুল্য হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় ক্ষমা প্রার্থনা করে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন মনচি। স্প্যানিশ রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাকে একটি প্রশ্ন করা হয়েছিল এবং তাতেই এস্পানিওল ভক্তদের মাঝে কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমি যাদের মনে আঘাত দিয়েছি, তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অবশ্যই একজন পেরিকো (এস্পানিওল সমর্থক) হিসেবে আমার অন্য যেকোনো নাম বলা উচিত ছিল।’ মনচি আরও স্পষ্ট করে জানান যে, তার এই সমর্থন ক্লাব প্রীতি থেকে নয়, বরং সম্পূর্ণ জাতীয় গর্ব বা দেশপ্রেম থেকে এসেছে। তিনি বলেন, ‘আমাকে কিলিয়ান এমবাপ্পে (ফরাসি), হ্যারি কেইন (ইংরেজ) অথবা লামিনে ইয়ামাল (স্প্যানিশ)—এই তিনজনের মধ্যে কাউকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং আমি স্প্যানিশ বিকল্পটিকেই বেছে নিয়েছিলাম।’
ভক্তদের উদ্দেশ্যে নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করে মনচি যোগ করেন, ‘আমি কোনো অসৎ উদ্দেশ্যে এটি বলিনি। পেরিকোদের অনুভূতির অর্থ কী তা আমি জানি। প্রথম দিন থেকেই আমি এর সঙ্গে নিজেকে একাত্ম করেছি এবং অনুভব করেছি। যদি আমি কাউকে আঘাত করে থাকি, আমি ক্ষমা চাচ্ছি, কারণ এটি আসলে কেবল স্প্যানিশ পতাকার প্রতি আমার সমর্থনের বহিঃপ্রকাশ ছিল।’





