২ বছর পর বুন্দেসলিগায় শীর্ষস্থান হারাল বায়ার্ন

সংগৃহীত ছবি
বুন্দেসলিগায় তারা ছাড়া আর কেউ শীর্ষে থাকতে পারে, এ হয়তো অনেকে ভুলতেই বসেছিল! দুই বছর ধরে যে বায়ার্ন মিউনিখ জার্মান লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। অবশেষে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারাল হ্যারি কেইনের দল।
সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে লিগের
দ্বিতীয় স্থানে ছিল বায়ার্ন। এরপর টানা দুই বছর ও ৬৭ ম্যাচ শীর্ষস্থান ধরে রেখেছিল
বাভারিয়ানরা। বায়ার্নের আগে সবশেষ লিগের শীর্ষে ছিল হেইডেনহেম।
শালকের মাঠে পুরোটা সময়ই জাল খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া ছিল কেইনরা। তবে শালকে কিপার কারিউসের দুর্দান্ত কিছু সেভে গোল করতে ব্যর্থ হয় সফরকারীরা।
এই ড্রয়ে ৩৫ বারের চ্যাম্পিয়নরা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফ্রেইবুর্গ এখন শীর্ষে।
এছাড়া দেড় বছরেরও বেশি সময় পর বায়ার্ন প্রথমবার বুন্দেসলিগা ম্যাচে গোল করতে ব্যর্থ হলো। বেয়ার লেভারকুসেনের সঙ্গে গত বছর গোলশূন্য ড্র করার পর থেকে টানা ৪৭ ম্যাচ গোল করেছে তারা। এই সময়ে ১৬১ গোল করেছিল বায়ার্ন।





