স্মরণ
সাবেক আর্সেনাল তারকার করুণ মৃত্যু কি ঠেকানো যেত?

আর্সেনালের সাবেক একাডেমি খেলোয়াড় বিলি ভিগারের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। চিচেস্টার সিটির হয়ে একটি ম্যাচ খেলার সময় মাঠের সীমানার কাছে থাকা একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি হার মানেন। ছেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ভিগারের বাবা-মা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আগে সতর্ক হলে তাদের ছেলের এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত।
বিলি ভিগার মাত্র ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে ক্লাবটির সাথে পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। গত মৌসুমের আগে যোগ দেন চিচেস্টারে। নর্থ লন্ডনের উইংগেট অ্যান্ড ফিঞ্চলে এফসি স্টেডিয়ামে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিলির মা ক্যামিলা ভিগার বলেন, অতীতের বিভিন্ন সতর্কবার্তা সত্ত্বেও এফএ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘আপনার দুঃখ থেকে রাগ হওয়াটা স্বাভাবিক। কারণ আপনার মনে হবে, এটি প্রতিরোধ করা সম্ভব ছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এফএ চাইলে বিলির মৃত্যু ঠেকাতে পারত। কারণ তাদের কাছে অনেকগুলো সতর্কবার্তা ছিল।’ পরিবারের পক্ষ থেকে অতীতে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এর মধ্যে ২০১৫ সালে অপেশাদার ফুটবলার বেন হিসকক্স ব্রিস্টলের কাছে একটি ক্লাবহাউসের দেওয়ালে ধাক্কা লেগে মারা যান। এছাড়া ২০২২ সালে বাথ সিটির মাঠে কংক্রিটের ব্যারিকেডের সঙ্গে সংঘর্ষে খুলি ফেটে যাওয়ার কারণে ফুটবল ছাড়তে বাধ্য হয়েছিলেন অ্যালেক্স ফ্লেচার। এরপরও এফএ মাঠের চারপাশের ঝুঁকি কমানোর বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।
বিলি ভিগারের এই মর্মান্তিক ঘটনার পর অবশ্য নড়েচড়ে বসেছে ব্রিটিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পুরুষদের ন্যাশনাল লিগ সিস্টেম এবং উইমেন্স ন্যাশনাল লিগের স্টেডিয়াম অ্যাক্রিডিটেশন ক্রাইটেরিয়া বা মানদণ্ডে পরিবর্তন এনেছে। নতুন নিয়মে মাঠের চারপাশে আর কোনো কঠিন ইট, ব্রিজে ব্লক বা কংক্রিটের ব্যারিকেড রাখার অনুমতি দেওয়া হচ্ছে না।
নতুন এই নিয়ম বাস্তবায়নের আওতায় পুরুষ ও নারীদের ন্যাশনাল লিগের মোট ১৬৯টি ক্লাবকে যত দ্রুত সম্ভব পরিবর্তন আনতে বলা হয়েছে। যেসব ক্ষেত্রে দেওয়ালগুলো কাঠামোগতভাবে রাখা জরুরি, সেখানে প্যাডিংয়ের মতো উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এই পরিবর্তনগুলোর জন্য এফএ এবং প্রিমিয়ার লিগের পক্ষ থেকে শতভাগ আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করা হচ্ছে।






