ক্লাবে ফিরেই রোনালদোর গোল, সমর্থকদের বিশাল ব্যানার

বিতর্ক পেছনে ফেলে ক্লাবের হয়ে গোল করলেন রোনালদো। ছবি: সংগৃহীত
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুসকে সরাসরিই দায়ী করেছেন এজন্য। এই কিংবদন্তির অভিযোগ, ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন জেসুস। এ নিয়ে শুধু পর্তুগাল নয়, বিতর্ক ছড়িয়েছে পুরো ফুটবল বিশ্বে।
কিংবদন্তিরা এমন বিতর্ক চাপা দেন পারফরম্যান্স দিয়ে। রোনালদোও তাই করলেন। জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে তিনি ক্লাবে ফিরেই করলেন ১ গোল। আল নাসরও সৌদি প্রো লিগে আল দিরিয়াকে হারাল ৩-০ গোলের বড় ব্যবধানে।
দিরিয়াহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচের আগে আল নাসরের সমর্থকরা উঁচিয়ে ধরেন একটি বিশাল ব্যানার। সেখানে লেখা ছিল,‘গ্রেটনেস অর্জন করে নিতে হয়। সিআরসেভেন-ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা'। ব্যানার প্রদর্শনের পাশাপাশি ম্যাচজুড়ে সমর্থকরা গলা ফাটিয়েছেন রোনালদোর জন্য।
রোনালদো গোল করেন ২৩ মিনিটে। কিংসলে কোমানের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল জালে জড়ান তিনি।
এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮০তম গোল। অফিসিয়াল ম্যাচে ১,০০০ গোলের কীর্তি স্পর্শ করতে আর ২০বার বল জালে পাঠাতে হবে তাকে।
৩৫ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটি করেন সামু কস্তা। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে বল জালে জড়ান তিনি। ৭৭তম মিনিটে বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার কোমান একক প্রচেষ্টায় করেন দলের তৃতীয় গোলটি।
এই জয়ে আল নাসরের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। সৌদি প্রো লিগে তারা রয়েছে দ্বিতীয়স্থানে।



