তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি-রোনালদো!

সংগৃহীত ছবি
পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন বছর চারেক আগে। তবে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচটা অবশ্য এখনো খেলা হয়নি তার। অবশেষে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেও!
আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপার দেপোর্তিভো জানিয়েছে, বোকা জুনিয়র্সের বিখ্যাত স্টেডিয়াম লা বোমবোনেরায় হতে পারে তেভেজের বিদায়ী ম্যাচ। ক্লাবটির সভাপতি হুয়ান রিকেলমের সঙ্গে এই বিষয়ে তার আলোচনা হয়েছেও। তেভেজের প্রস্তাবে নাকি সাড়াও দিয়েছে ক্লাবটি।
ডিসেম্বরের ১২-১৩ কিংবা ১৯-২০, যেকোনো একদিন হতে পারে ম্যাচটি। বোকা জুনিয়র্সের মৌসুমের শেষ ভাগের সূচি চূড়ান্ত হওয়ার পরই ম্যাচটির তারিখ নির্ধারণ করা হবে।
তেভেজের বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক অনেক ফুটবলারকে। তাদের মধ্য সবচেয়ে আলোচিত নাম কিছুদিন আগে আর্জেন্টিনাকে বিদায় বলা তেভেজের সাবেক সতীর্থ মেসি। আছেন তেভেজের সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ রোনালদোও। শেষ পর্যন্ত তারা দুইজন এই ম্যাচে থাকবেন না, সেটা অবশ্য এখনো নিশ্চিতভাবে বলার উপায় নেই।
তেভেজ ২০২১ সালে বোকা জুনিয়র্স ছাড়ার পর আর কোনো ক্লাবের হয়ে খেলেননি। এরপর ২০২২ সালের জুনে তিনি আনুষ্ঠানিকভাবে পেশাদার ক্যারিয়ারের জীবনের ইতি টানেন।





