আফকন ফাইনালের রায় ঘিরে সেনেগাল-মরক্কোর নতুন বিতর্ক

সংগৃহীত ছবি
২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালের শিরোপা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে সেনেগাল ও মরক্কো। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) চূড়ান্ত রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফলের বিরুদ্ধে বিচারক প্যানেলের এক সদস্যের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ তুলেছে মরক্কো। তবে অভিযোগটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে সেনেগাল।
মরক্কোর অভিযোগ, শিরোপা নিয়ে মামলার শুনানির দায়িত্বে থাকা তিন সদস্যের বিচারক প্যানেলের একজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন সেনেগাল ফুটবল ফেডারেশন সভাপতি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিএএসকে জানিয়েছে মরক্কো। অভিযোগে জার্মানির এক আইনজ্ঞের সঙ্গে ফলের কথোপকথনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে এমন কোনো যোগাযোগের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেনেগাল। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, মরক্কোর অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে সেনেগালের প্রতিনিধিরা। তাদের দাবি, পুরো বিষয়টিই ভিত্তিহীন।
গত বছরের আফকন ফাইনাল থেকেই দুই দেশের মধ্যে এই আইনি বিরোধের শুরু। মাঠের লড়াইয়ে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনিক সিদ্ধান্তে শিরোপা মরক্কোর হাতে তুলে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল।
এবার সেই আপিলের চূড়ান্ত রায় ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। সিএএসের সিদ্ধান্তেই নির্ধারিত হবে ২০২৫ আফকনের বিতর্কিত শিরোপার চূড়ান্ত মালিকানা।



