চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

সংগৃহীত ছবি
আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই। মঙ্গলবার রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
কয়েকদিন ধরেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন দেশের ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্রীড়া সংগঠক। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতীয় দল ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার ও সংগঠক আব্দুল গাফফার।
হারুনের হাত ধরেই শুরু হয়েছিল আবাহনীর পথচলা। তার জীবনের দীর্ঘ অধ্যায় জুড়ে ছিল আবাহনী ও দেশের ফুটবলের উত্থান-পতনের নানা জানা-অজানা গল্প। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হারুন একজন ফুটবল সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মুক্তিযুদ্ধের পর আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তাই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বটাও দেওয়া হয়েছিল তাঁকে। পরে পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দীর্ঘ তিন দশক নানা পরিচয়ে কাজ করেছেন। ছিলেন পাঁচবারের সাধারণ সম্পাদক। একাধিকবার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সংগঠক বৈশিষ্ঠ্যের ছাপ রেখেছেন হারুন। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনসের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড ও জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবেও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখেণ। ক্রীড়াক্ষেত্রে তার দীর্ঘ অবদানের স্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রীড়াসাংবাদিকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। ২০২৩ সালে বিএসপিএ’র কায়সার সিনহা সংগঠক পুরস্কার পান।
খেলাধূলার পাশাপাশি এক সময় সক্রিয় রাজনীতিও করেছেন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুরের রায়পুর থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে রাজনীতির চেয়ে খেলাধূলাকেই প্রাধান্য দিয়েছেন হারুন।
গত কয়েক বছর ধরেই অবশ্য নানা জটিল রোগে ভুগছিলেন। শেষ কয়েকবছর ঠিকভাবে কথাও বলতে পারতেন না। সর্বশেষ দশ দিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হলো না হারুনের। গোটা ক্রীড়াঙ্গনকে শোকের চাঁদরে ঢেকে দিয়ে অনন্তলোকে পাড়ি দিলেন আবাহনীর হারুন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ তাঁকে কিছু সময়ের জন্য নেওয়া হবে নিজ হাতে গড়া আবাহনী ক্লাব প্রাঙ্গনে। সেখানে বাদ যোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে লক্ষ্মীপুরে।



